Apan Desh | আপন দেশ

জাতিসংঘের সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৩, ৬ জুলাই ২০২৬

জাতিসংঘের সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: আপন দেশ

জাতিসংঘের পঞ্চম ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৫ জুলাই) স্থানীয় সময়ে তিনি নিউইয়র্কে পৌঁছান।

দুই দিনব্যাপী এ সম্মেলনে তিনি বিভিন্ন প্লেনারি অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

জাতিসংঘ সদর দফতরে আগামী ৭ ও ৮ জুলাই হবে দুই দিনব্যাপী ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (ইউএন-কপস)। ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে উদ্বোধনী অধিবেশনসহ সম্মেলনের বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এবারের সম্মেলনে ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি’ এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’—এ তিনটি বিষয়ে প্লেনারি আলোচনা হবে। পাশাপাশি সম্মেলনের সাইডলাইনে আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও অংশ নেবেন তিনি।

আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা 

নিউইয়র্ক সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল অ্যান্ড পিসবিল্ডিং অ্যাফেয়ার্স বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানা গেছে।

সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিনিধিদলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরও রয়েছেন। সফর শেষে আগামী ১২ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়