Apan Desh | আপন দেশ

রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৩, ৭ মে ২০২৬

আপডেট: ১৩:০৯, ৭ মে ২০২৬

রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে

ছবি: আপন দেশ

বিদ্যুতের চাপ কমাতে রাজধানী ঢাকার প্রতিটি ভবনে সোলার প্যানেল (সৌর বিদ্যুৎ) বসানোর উদ্যোগ হাতে নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি।

বৃহস্পতিবার (০৭ মে) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জামবিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

নতুন নীতিমালার কথা জানিয়ে মন্ত্রী বলেন, বিদ্যুতের ব্যাকআপ ব্যবস্থা তৈরি করতে সোলার পাওয়ারকে সহজলভ্য করা হবে। আগামী জুনের মধ্যে সরকারি আদেশ জারির মাধ্যমে এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

জ্বালানিমন্ত্রী আরও বলেন, নেতৃত্বের অভাবে দেশে এখন পর্যন্ত ব্যাপকভাবে সোলার ব্যবস্থায় যাওয়া সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সোলার ও উইন্ড এনার্জিকে বিশেষ গুরুত্ব দিতে চায়। এ সময় তিনি বলেন, বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি।

এর আগে গত ৫ মে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, আগামী পাঁচ বছরে ৫ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য অর্জনের প্রাথমিক ধাপ হিসেবে আগামী তিন মাসের মধ্যে দেশের সব জেলা প্রশাসকের কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন<<>> জ্বালানি ভাতা নেবেন না বিদ্যুৎমন্ত্রী

এদিকে দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ২০২৮ সালের মধ্যে অতিরিক্ত ৮০৯ দশমিক ৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের আশা করছে সরকার।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো, কার্বন নিঃসরণ কমানো এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে সরকারের সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে জাতীয় গ্রিডে ৮০৯ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জানান বিপিডিবি চেয়ারম্যান।

আপন দেশ/এবি 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়