Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:১০, ৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে 

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (০৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে শনিবার (০২ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটের দিকে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে লিমনের মরদেহ পাঠানো হয়। এ সময় মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও কনসাল থোইং এ উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন।

গত ২৫ এপ্রিল জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থানীয় প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট পুলিশ বিভাগের সমন্বয়ে সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দ্রুততম সময়ে মরদেহ দেশে পাঠাতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে।

আরও পড়ুন<<>>শপথ নিতে পারছেন না নুসরাত তাবাসসুম

উল্লেখ্য, নিহত লিমনের জানাজা গত বৃহস্পতিবার জোহরের নামাজের পর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহতের খালা, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানাজায় অংশ নেন।

এদিকে, একই ঘটনায় নিহত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি ০১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস নিশ্চিত করে। এরপরপরই মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট তার মরদেহ দেশে পাঠানোর জন্য পরিবারের সম্মতি নেয়। পিনেলাস কাউন্টির মেডিক্যাল এক্সামিনারের কাছে মরদেহটি একই ফিউনারেল হোমে হস্তান্তরের অনুরোধ জানায়।

কনসাল জেনারেল সেহেলী সাবরীন জানান, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুততম সময়ে দেশে পাঠাতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস ও মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যৌথভাবে কাজ করে যাচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়