ছবি: আপন দেশ
ওতৃণমূল থেকে প্রতিভাবান বোলার খুঁজে বের করতে বোলার হান্ট ২০২৬-এর আয়োজন করা হয়। সোমবার (০২ নভেম্বর) এ আয়োজনের গ্র্যান্ড ফিনাল হয়েছে।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মূল আয়োজন ছিল ২১ বিজয়ীকে ঘিরে। তাদের পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হয়। এছাড়া আরও দুজনকে বিশেষ পুরস্কার দেয়া হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত কোচ মোসাদ্দেক হোসেন ছোটনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দেশজুড়ে বাছাইপর্ব পেরিয়ে ৪২ জন বোলার চূড়ান্ত পর্বে অংশ নেয়ার সুযোগ পান। তাদের মধ্য থেকেই নির্বাচিত হন ২১ বিজয়ী।
রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, রবি বোলার হান্ট বাংলাদেশের তরুণ প্রতিভাদের জন্য অর্থবহ সুযোগ তৈরিতে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, প্রতিভা যে কোনো জায়গা থেকেই উঠে আসতে পারে। এ ধরনের উদ্যোগ সম্ভাবনাময় ক্রিকেটারদের নিজেদের দক্ষতা তুলে ধরার এবং স্বপ্নপূরণের পথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারে।
বাছাইপর্বের আগের ধাপগুলোতে বোলারদের গতি ও বোলিং অ্যাকশন পর্যবেক্ষণ করা হয়। সেই পর্বে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৮ কিলোমিটার গতিতে বল করে নজর কাড়েন তরুণ পেসার মাহির আবসার আবিদ। জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স ও বোলারদের মেন্টর মুশতাক আহমেদও প্রতিভা অন্বেষণ কার্যক্রমে যুক্ত ছিলেন। গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, যারা আজ নির্বাচিত হতে পারেনি, তাদেরও বলতে চাই, আশা হারিও না, স্বপ্ন দেখা বন্ধ কোরো না। আজ যারা নির্বাচিত হয়েছে, তাদের একজন হতে না পারলেও সামনে আরও অনেক সুযোগ আসবে। এ আয়োজনের মাধ্যমেই যে ভালো ক্রিকেটার হতে হবে, এমন নয়। সামনে আরও অনেক পথ ও সুযোগ রয়েছে।
আরও পড়ুন <<>> বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যাকিংয়ের চেষ্টা
বিজয়ীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিসিবি সভাপতি বলেন, যারা আজকের বিজয়ী, তাদের দায়িত্ব এখন আমাদের। তারা আমাদের হাই পারফরম্যান্স ইউনিটের অধীনে থাকবে। তাদের সঠিকভাবে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, চিকিৎসা ও অন্যান্য সহায়তা দেয়া হবে। আশা করি, তাদের পারফরম্যান্স তুলে ধরার জন্য খেলার সুযোগও তৈরি করতে পারব।
তামিম আরও জানান, দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটারদের উন্নয়নে বিসিবি নতুন একটি প্রকল্প নিয়ে কাজ করছে। কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেয়ার আশাবাদও জানান তিনি। পাশাপাশি প্রতিভাবান ক্রিকেটারদের দ্রুত প্রশিক্ষণ ও ম্যাচ খেলার সুযোগ করে দিতে স্পন্সরদের এগিয়ে আসার আহবান জানান বিসিবি সভাপতি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































