Apan Desh | আপন দেশ

 দুই প্রবাসীর মৃত্যুদণ্ডে সৌদির জবাব মেলেনি তিন সপ্তাহেও

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৯, ২ নভেম্বর ২০২৬

 দুই প্রবাসীর মৃত্যুদণ্ডে সৌদির জবাব মেলেনি তিন সপ্তাহেও

ছবি: ফাইল ছবি

সৌদি আরবের কাছে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের বিষয়ে বাংলাদেশ চিঠি দিয়েছে তিন সপ্তাহ আগে। এখনও সেই চিঠির জবাব পায়নি বাংলাদেশ সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সৌদি সরকারের উত্তরের অপেক্ষায় আছেন তারা। সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেছেন।  

মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে ১৪ অক্টোবর ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর দেয় সৌদি কর্তৃপক্ষ। তবে এ সিদ্ধান্তের আগে তা সৌদি আরবের পক্ষ থেকে না জানার কথা বলেছে ঢাকা। 

সংবাদমাধ্যমে খবর আসার পর সৌদি কর্তৃপক্ষকে ১৫ অক্টোবর চিঠি দিয়ে তাদের বিষয়ে তথ্য ও বিস্তারিত জানতে চেয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। ওই দিন জেদ্দার পররাষ্ট্র দফতরে এ চিঠি পাঠানোর তিন দিন পর ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূতকে ডেকে একই চিঠি পুনরায় হস্তান্তর করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার শামা ওবায়েদ বলেন, সৌদি আরবের সঙ্গে আমাদের মিশন যোগাযোগ অব্যাহত রেখেছে। আমরা আশা করি, শিগগিরই আমরা ওখান থেকে কোনো তথ্য জানতে পারব। 

এখন পর্যন্ত কোনো উত্তর ঢাকা পেয়েছে কি না, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, না, কাজ চলছে। কাজ চলছে, সময় লাগবে, সময় লাগছে। তো আমরা আশা করছি যে, সৌদি সরকারের কাছ থেকে আমরা দ্রুত কিছু খবর পাব। 
 
ভারতের সঙ্গে আলোচনা: 
ভারতের সঙ্গে গঙ্গা পানিবণ্টন চুক্তিসহ বিরোধপূর্ণ বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করার কথা বলেছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। গঙ্গায় নতুন চুক্তির না হলে ভারতের পণ্য আসা বন্ধ করে দেওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের প্রসঙ্গ টেনে করা এক প্রশ্নে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা চুক্তি তো ছিলই, এটা আবার রিনিউ হবে। যা ছিল, সেটাই চলমান থাকবে, সেটার জন্যই তো এত আলোচনা। সেটা আমরা আশা করি। বাংলাদেশের জন্য যেটা সঠিক, বাংলাদেশে মানুষের জন্য যেটা সঠিক, সেটাই আমাদের সিদ্ধান্ত থাকবে। আমরা আশা করি যে, ভারত সঠিক সিদ্ধান্ত নেবে। 

নাহিদ ইসলামের নাম উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, আমি এতটুকু বলতে পারি যে, ভারতের সঙ্গে  বাংলাদেশের বাণিজ্য ঘাটতি তো বিশাল। সেই বাণিজ্য ঘাটতি আমরা কমাতে চাই। আজকে গঙ্গার চুক্তির জন্যও কিন্তু বসতে হবে, আলোচনা করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমি কিন্তু প্রায় বলি, আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করতে হলেও সেই ঝগড়ার জন্য ন্যূনতম একটা সম্পর্ক লাগে। আমি যে বন্ধ করব, সেটা বন্ধ করার জন্যও আমার বলা লাগবে, বলার জন্য বসতে হবে। সুতরাং ব্যাপারটা সেই রকম। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের সাথে আমাদের সমস্যা আছে, সেই সমস্যাগুলো আলোচনা, কথাবার্তার মাধ্যমে সমাধান করতে হবে। আমার ন্যায্য পাওনাটা যদি আদায় করতে হয়, তাহলে সেটার জন্য আমাকে লড়াই করতে হবে, আমাদের যদি লড়াই করতে হয়, সেটার জন্য তাদের সঙ্গে কথা বলতে হবে। এটাই স্বাভাবিক এবং সেটাই কূটনীতি। 

ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা কোন পর্যায়ে আছে, এমন প্রশ্নে শামা বলেন, গঙ্গা চুক্তির দরকষাকষির জন্য প্রধানমন্ত্রী একটি কমিটি করে দিয়েছেন। অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর সেই কমিটির প্রধান। সেখানে পানি সম্পদমন্ত্রীও রয়েছেন।

আপন দেশ/কেএম  

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়