ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে যাচ্ছেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর। সোমবার (২৭ এপ্রিল) তিনি ঢাকা থেকে আকাশপথে যশোরে পৌঁছাবেন। সেখানে দিনব্যাপী নানা কর্মসূচি শেষে ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে সোমবার সকালে তিনি ঢাকা থেকে আকাশপথে যশোরে পৌঁছাবেন। সফরের শুরুতেই তিনি শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে একটি সুধী সমাবেশে অংশ নেবেন।
এরপর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।
আরও পড়ুন<<>>সকালে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
যশোরের উন্নয়নে এ সফরের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে উলশী খালটি স্থানীয় কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্তরের দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে এ খাল খনন করা হয়েছিল, যা এলাকার কৃষি ও অর্থনৈতিক চিত্র বদলে দিয়েছিল। দীর্ঘ সময় সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে এটি পুনরায় খননের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এছাড়া যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও পাবলিক লাইব্রেরি সংশ্লিষ্ট কর্মসূচিগুলো এ অঞ্চলের স্বাস্থ্য ও শিক্ষা সেবায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। দিনভর ব্যস্ত কর্মসূচি শেষে রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তারেক রহমানের প্রথম যশোর সফর। তবে গত তিন মাসের মধ্যে এটি তার দ্বিতীয় যশোর সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































