Apan Desh | আপন দেশ

মোহাম্মদপুরের অপরাধ স্পটে অভিযান চালাবে একাধিক বাহিনী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:৩৭, ১২ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরের অপরাধ স্পটে অভিযান চালাবে একাধিক বাহিনী

ছবি: আপন দেশ

রাজধানীর মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে এবার চিহ্নিত সব অপরাধের স্পটে একযোগে অভিযান চালাবে পুলিশের একাধিক বাহিনী বলে জানিয়েছেন  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

এ সময় তিনি মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানান।  একই সঙ্গে মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুর থানার নাগরিকদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার। সভায় র‍্যাব মহাপরিচালকও উপস্থিত ছিলেন।

র‍্যাব-পুলিশের যৌথ অভিযান চললেও এলাকায় মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও হত্যাকাণ্ডের মতো অপরাধ পুরোপুরি বন্ধ হয়নি। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর এ মতবিনিময় সভা হয়। 

আরও পড়ুন<<>>পুলিশের ৫ কর্মকর্তার বদলি

সভায় মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার অপরাধ পরিস্থিতি ও সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। তারা বিভিন্ন অপরাধপ্রবণ স্পটে নিয়মিত অভিযান, পুলিশের টহল বাড়ানো এবং কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।

এ সময় র‍্যাব মহাপরিচালক বলেন, দেশের স্বার্থে সবাই অন্যায়ের প্রতিবাদ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের পাশে থাকবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক ও সন্ত্রাস নির্মূল সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে। সমাজের সবাই ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিলে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

ডিএমপি কমিশনার বলেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই এ তিন বিষয় নিয়ে নাগরিকেরা তাদের বক্তব্যে বেশি গুরুত্ব দিয়েছেন। গত তিন মাসের সঙ্গে আগের তিন মাসের অপরাধের পরিসংখ্যান তুলনা করলে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইয়ের ক্ষেত্রে উন্নতির চিত্র পাওয়া যাচ্ছে। তবে শুধু পরিসংখ্যান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার করা ঠিক নয়। নাগরিকেরা চান মোহাম্মদপুরে কোনো ছিনতাই, কিশোর গ্যাং বা মাদক থাকবে না। পুলিশও সে লক্ষ্যেই কাজ করছে।

মতবিনিময় সভায় বিট পুলিশিং ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, মোহাম্মদপুরের অপরাধের সব স্পট পুলিশ চিহ্নিত করেছে। এসব স্পটে পুলিশের একাধিক বাহিনী অভিযান চালাবে।

তিনি আরও বলেন, মোহাম্মদপুরকে নিরাপদ রাখতে প্রয়োজনে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে। এলাকায় কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

মোহাম্মদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চন্দ্রিমা হাউজিংয়ে দ্রুত একটি পুলিশ ক্যাম্প স্থাপনের ঘোষণাও দেন ডিএমপি কমিশনার।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা, বিট পুলিশিং জোরদার এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেয়া হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়