ছবি : আপন দেশ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের অনারারি চেয়ার ইয়োহেই সাসাকাওয়া।
রোববার (০৬ সেপ্টেম্বর) এ সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে ইয়োহেই সাসাকাওয়া বলেন, নিপ্পন ফাউন্ডেশন ও বাংলাদেশের সম্পর্ক অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে গভীর বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে। বাংলাদেশের স্বাধীনতার সময় বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তার মধ্য দিয়ে এ সহযোগিতার শুরু হয়েছিল।
আরও পড়ুন: ‘রোহিঙ্গা সংকট এখন মানবিক সমস্যা নয়, আঞ্চলিক নিরাপত্তার হুমকি’
তিনি জানান, এরপর থেকে নিপ্পন ফাউন্ডেশন বাংলাদেশের জনগণের পাশে থেকে বিভিন্ন উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষামূলক উদ্যোগে সহায়তা দিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে সংস্থাটি রোহিঙ্গা মানবিক সংকটের দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, গত চার দশকের বেশি সময় ধরে তিনি ও তার সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, এনজিও এবং কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিদের সংগঠনের সঙ্গে কাজ করে কুষ্ঠরোগ নির্মূলের প্রচেষ্টায় যুক্ত রয়েছে। বাংলাদেশের কুষ্ঠরোগীদের সহায়তা করতেও তারা আগ্রহী।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য নিপ্পন ফাউন্ডেশন ও জাপানের মানবিক সহায়তার প্রশংসা করেন। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে সংকটের স্থায়ী সমাধানে জাপানের প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।
দীর্ঘস্থায়ী এ মানবিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































