Apan Desh | আপন দেশ

এক হাজার টন বিস্ফোরক দিয়ে লেবাননে হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৪, ১২ সেপ্টেম্বর ২০২৬

এক হাজার টন বিস্ফোরক দিয়ে লেবাননে হামলা ইসরায়েলের

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পরিচালিত একটি বড় ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। 

তাদের দাবি, আলি তাহের রিজের নিচে থাকা দুইটি টানেল ধ্বংস করতে এক হাজার টনের বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

আইডিএফের তথ্যমতে, টানেল দুটির মোট দৈর্ঘ্য ছিল দুই কিলোমিটারের বেশি। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বিস্ফোরণের ফলে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের সমান কম্পন সৃষ্টি হয়।

এ বিষয়ে হিজবুল্লাহ বা লেবানন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 
মাসের পর মাস হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের পর গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী ওই এলাকার নিয়ন্ত্রণ নেয়। মার্চে হিজবুল্লাহর সঙ্গে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর দখল করা দক্ষিণ লেবাননের একটি বড় অংশ এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে।

আরও পড়ুন: আজ নয়াদিল্লিতে শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন

আইডিএফের প্রকাশিত ছবিত আকাশ আলোকিত করে বিশাল আগুনের গোলা দেখা গেছে। নাবাতিয়েহ শহরের বাসিন্দা আহমেদ, আলি তাহের রিজ থেকে প্রায় ৬ কিলোমিটার পশ্চিমে থাকেন। তিনি বিবিসিকে বলেন, আকাশ আলোকিত হয়ে উঠেছিল এবং প্রায় ১৫ সেকেন্ড পর আমরা ভীতিকর শব্দ শুনতে পাই। পুরো বাড়িটা এমনভাবে কেঁপে উঠেছিল, যেন ভূমিকম্প হচ্ছে।

তিনি আরও বলেন, মানুষ চিৎকার করছিল এবং শিশুরা কাঁদছিল। বিস্ফোরণের পর অনেক মানুষ এলাকা ছেড়ে বৈরুতের দিকে যাওয়ার সময় সড়কগুলো গাড়িতে ভরে যায়। উত্তরে প্রায় ৪০ কিলোমিটার দূরের উপকূলীয় শহর সাইদাতেও ওই বিস্ফোরণের কম্পন অনুভূত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ভূগর্ভস্থ অবকাঠামোটির মধ্যে হিজবুল্লাহর বদর ইউনিটের ব্যবহৃত একটি কমান্ড সেন্টার ছিল। সেখানে কয়েক ডজন রকেট, ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন আকাশযান ছাড়াও ট্যাংকবিধ্বংসী অস্ত্র, মাইন ও বিস্ফোরক মজুত ছিল। 

এ কমপ্লেক্স ধ্বংসের মাধ্যমে এলাকাটিতে আটটি টানেল ধ্বংস করার দাবি করেছে আইডিএফ।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়