Apan Desh | আপন দেশ

ইউএস ওপেনের নতুন রানি রাইবাকিনা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:২৯, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইউএস ওপেনের নতুন রানি রাইবাকিনা

ছবি : সংগৃহীত

২ ঘণ্টা ২১ মিনিটের লড়াই করেও জিততে পারলেন না আরিনা সাবালেঙ্কা। ফাইনালে বেলারুশের এ শীর্ষ বাছাই তারকাকে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি হলেন এলেনা রাইবাকিনা। কাজাখস্তানের এ তারকার এটি ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ইউএস ওপেনের নারী এককের ফাইনালে প্রথম সেটের শুরুতে দুই খেলোয়াড়ই নিজেদের সার্ভ ধরে রাখেন। তবে পঞ্চম গেম থেকেই সাবালেঙ্কার সার্ভিসে চাপ বাড়াতে থাকেন রাইবাকিনা।

শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে প্রথম সেট জিতে এগিয়ে যান কাজাখ তারকা। সেট পয়েন্টে সাবালেঙ্কার ব্যাকহ্যান্ড বেসলাইনের বাইরে চলে গেলে সেটটি নিজের করে নেন রাইবাকিনা।

দ্বিতীয় সেটে অবশ্য দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। তিনটি সেট পয়েন্টের সুযোগ কাজে লাগিয়ে ৭-৫ ব্যবধানে সেট জিতে ম্যাচে সমতা ফেরান তিনি।

হার্ড কোর্টে সাবালেঙ্কার রেকর্ডও ছিল দুর্দান্ত। তার চারটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার সবকটিই এসেছে হার্ড কোর্টে-দুটি অস্ট্রেলিয়ান ওপেন ও দুটি ইউএস ওপেন।

আরও পড়ুন<<>>গেমস ভিলেজে সুযোগ-সুবিধা নিয়ে চিন্তিত নন সালাউদ্দিন

তবে তৃতীয় সেটে আর কোনো সুযোগ দেননি রাইবাকিনা। তৃতীয় ও সপ্তম গেমে সাবালেঙ্কার সার্ভিস ব্রেক করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নেন তিনি। শেষ পর্যন্ত ৬-২ ব্যবধানে সেট জিতে নিশ্চিত করেন ঐতিহাসিক শিরোপা।

সাবালেঙ্কার বিপক্ষে আগের ১৭ দেখায় ১০টিতেই জিতেছিলেন বেলারুশ তারকা। তবে সাম্প্রতিক দুই গ্র্যান্ড স্ল্যাম সাক্ষাতে রাইবাকিনাই এগিয়ে। চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও সাবালেঙ্কাকে হারিয়েছিলেন তিনি।

ফ্লাশিং মিডোজের এ ফাইনালটি ছিল বিশেষও। ২০১৩ সালের পর এই প্রথম ইউএস ওপেন নারী এককের ফাইনালে মুখোমুখি হয়েছেন শীর্ষ দুই বাছাই।

শিরোপা জয়ের পর রাইবাকিনা বলেন, এ টুর্নামেন্টে এসে এমন কিছু প্রত্যাশাই করিনি। একটু চোটের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম। কিন্তু কোনোভাবে সবকিছু আমার পক্ষে মিলে গেল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়