Apan Desh | আপন দেশ

এশিয়ান গেমস 

গেমস ভিলেজে সুযোগ-সুবিধা নিয়ে চিন্তিত নন সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:০২, ১৩ সেপ্টেম্বর ২০২৬

গেমস ভিলেজে সুযোগ-সুবিধা নিয়ে চিন্তিত নন সালাউদ্দিন

ফাইল ছবি

জাপানের আইচি-নাগোয়া শহরে ২০তম এশিয়ান গেমসের পর্দা উঠছে আগামী ১৯ সেপ্টেম্বর। এশিয়ার অলিম্পিক খ্যাত এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ পুরুষ এবং নারী ক্রিকেট দল। গেমসে আবাসনসহ অন্যান্য সুবিধা নিয়ে অনেক দেশ উদ্বেগের কথা জানিয়েছে। 

তবে বাংলাদেশের কোনো দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন ছেলেদের ক্রিকেট দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এমনকি ক্রিকেটারদের জন্য আলাদা কোনো সুবিধার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বাংলাদেশের এ কোচ বলেন, আবাসন নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। গেমস ও এশিয়ান গেমস ভিলেজে অন্যান্য অ্যাথলেটরা যে সুবিধা পাবেন, আমরাও সেটাই পাব। ক্রিকেট দল হিসেবে আমাদের আলাদা থাকতে হবে, এমনটা আমরা ভাবছি না। আমরা নিজেদের অ্যাথলেট হিসেবেই ভাবি। তারা আমাদের রাস্তায় ফেলে রাখবে না। থাকার জায়গা ও খাবারের ব্যবস্থা থাকবে। তাই এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই।

এবারের প্রতিযোগিতাটি নকআউট হওয়ায় ভুলের সুযোগ খুব কম দেখছেন সালাউদ্দিন, আমরা রোববার থেকে প্রস্তুতি শুরু করব। বেশ কয়েকজন খেলোয়াড় দক্ষিণ আফ্রিকায় (বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে) আছে। সামনে আমাদের অনেক ব্যস্ত সফর, তাই তাদের সামগ্রিক ফিটনেসের দিকেও নজর রাখতে হবে।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

খেলোয়াড়দের মানসিক প্রস্তুতির কথাও আলাদাভাবে উল্লেখ করলেন তিনি, আমাদের তাদের মানসিক অবস্থারও যত্ন নিতে হবে। এর আগে আমরা ভিন্ন একটি ফরম্যাটে খেলেছি। তাই যত দ্রুত সম্ভব এই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেয়ার ওপর আমরা গুরুত্ব দেব। আবাসন নিয়ে ভাবার চেয়ে আমার মূল চিন্তা হলো, ছেলেরা কীভাবে টুর্নামেন্টে ভালো খেলতে পারে এবং কত দ্রুত মানিয়ে নিতে পারে। কারণ এটি একটি নকআউট প্রতিযোগিতা।

এশিয়ান গেমসের প্রতিটি ম্যাচকে সমান গুরুত্ব দেয়ার প্রয়োজনীয়তার কথাও সালাউদ্দিন তুলে ধরলেন, নকআউট টুর্নামেন্ট এবং টি-টোয়েন্টিতে যেকোনো দলই জিততে পারে। অন্য দলগুলোকে হালকাভাবে নেয়া যাবে না। আমার মনে হয়, অ্যাসোসিয়েট সদস্যদের বেশিরভাগ দলই এ ফরম্যাটে বেশি খেলে। ফলে এ জায়গায় তাদের কিছুটা সুবিধা রয়েছে। আমাদের প্রায়ই এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে দ্রুত মানিয়ে নিতে হয়। তাই টি-টোয়েন্টিতে কাউকেই হালকাভাবে নেয়া যাবে না। প্রতিটি ম্যাচ গুরুত্ব দিয়ে খেলতে হবে এবং প্রতিটি ম্যাচ জেতার লক্ষ্যেই খেলতে হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়