Apan Desh | আপন দেশ

সকালে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:২৮, ২৭ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৩২, ২৭ এপ্রিল ২০২৬

সকালে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

সকালে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে যশোর জেলা প্রশাসন, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট। প্রস্তুত রয়েছেন জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরাও।

সোমবার (২৭ এপ্রিল) এ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন ও যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের উদ্বোধন করবেন বলে জানা গেছে।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে যশোর শহরে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করেছে জেলা বিএনপি। জনসভা ঘিরে বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল মিলিয়ে ৫ হাজারের মতো যানবাহন আসবে। এ জন্য ইতিমধ্যে ১০টি পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এমপি, মন্ত্রী ও ভিআইপিদের জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে।

জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে সরাসরি যাবেন জেলার শার্শা উপজেলার উলাশীতে। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখননকাজের উদ্বোধন করবেন।

আরও পড়ুন <<>> জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের কমিটি গঠন

একই সঙ্গে পুনঃখননস্থলে আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। সেখান থেকে ফিরে বেলা সোয়া ১টায় যশোর শহরে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

বেলা দেড়টায় প্রধানমন্ত্রী যশোরের প্রায় ২০০ বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এরপর যশোর সার্কিট হাউসে নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর বেলা সাড়ে তিনটায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে যশোর ছাড়বেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়