ফাইল ছবি
মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট সৃষ্ট হয়েছে। এ সংকট মোকাবিলায় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সংসদ অধিবেশন চলাকালে বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বিশেষ এ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন।
পরে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাজিফ উদ্দিন (বীর বিক্রম) প্রস্তাবটির পক্ষে-বিপক্ষে ভোট চান। ওই সময় জ্বালানি সংকট নিরসনে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাবটি সংসদে কণ্ঠভোটে পাস হয়।
পরবর্তীতে স্পিকার বলেন, প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সংসদে সুপারিশসহ প্রতিবেদন প্রদানের জন্য কার্যপ্রণালি বিধির ২৬৬ অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হলো। এ কমিটির মেয়াদ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন।
আরও পড়ুন <<>> সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
নবগঠিত ১০ সদস্যের বিশেষ এ কমিটিতে ৫ জন সরকারি দলের সংসদ সদস্য ও বিরোধী দলের ৫ জন সংসদ সদস্য রয়েছেন। এরমধ্যে সরকারি দলের সংসদ সদস্যরা হলেন- সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু (সভাপতি), যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত (সদস্য), লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজাম (সদস্য), শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (সদস্য) এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত (সদস্য)।
এছাড়াও কমিটিতে থাকা বিরোধী দলীয় সংসদ সদস্যরা হলেন- ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম খান মিলন (সদস্য), চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল (সদস্য), ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেন (সদস্য), কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ (সদস্য) এবং সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান (সদস্য)।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































