Apan Desh | আপন দেশ

রাজধানীর যানজট কমাতে আসছে দেশীয় প্রযুক্তির ব্যবহার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০২, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ১৯:১৩, ২৪ মার্চ ২০২৬

রাজধানীর যানজট কমাতে আসছে দেশীয় প্রযুক্তির ব্যবহার

ছবি: আপন দেশ

রাজধানী ঢাকার যানজট কমাতে সরকার আধুনিকায়নের পথে নতুন উদ্যোগ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ১২০টি ট্রাফিক সিগন্যাল অটোমেশনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক বিশেষ সভা হয়।

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্বল্পমেয়াদি উদ্যোগ বাস্তবায়ন হলে এপ্রিলের শেষ নাগাদ নগরবাসী কিছুটা সুফল পাবে। তিনি বলেন, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুসারে আরও উদ্যোগ নেয়া হবে।

আরও পড়ুন <<>> যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বৈঠক

বৈঠকের মূল সিদ্ধান্তসমূহ
▪️ট্রাফিক সিগন্যালগুলো দেশিয় পদ্ধতিতে অটোমেশনের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে ঢাকার ১২০টি সিগন্যাল অটোমেশন করা হবে।
▪️ঢাকা শহরের চার পাশে নতুন বাইপাস সড়ক এবং শহরের ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করার উদ্যোগ নেয়া হবে। 
▪️ঢাকা শহর থেকে যত্রতত্র বাস কাউন্টার অপসারণ করা হবে। অতিদ্রুত ঢাকা মহানগরের ভেতরে থাকা ৫টি আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে শহরের বাইরে স্থাপন করা হবে। এ ৫টি বাস টার্মিনাল ‘সিটি সার্ভিসের’ জন্য চালু করা হবে। 
▪️রাস্তার দু’পাশের সড়ক দখলমুক্ত করা হবে। রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি সরিয়ে ফেলা হবে। 
▪️ঢাকা শহরের ভেতরে রেল ক্রসিংয়ে ম্যানুয়াল ব্যবস্থার পাশাপাশি অটো সিগন্যাল লাইটিং সিস্টেম চালু করা হবে।
▪️সিটি বাসকে জিপিএস সিস্টেমের আওতায় আনা হবে।
▪️ঢাকার অধিকাংশ ফুটওভার ব্রীজে চলন্ত সিঁড়ি স্থাপন করা হবে। পাশাপাশি শহরের হাসপাতাল এলাকায় ফুটওভার ব্রীজে দেশিয় প্রযুক্তিতে তৈরি লিফট স্থাপন করা হবে।
▪️আগামী ৭ এপ্রিলের মধ্যে অধিকাংশ প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক।
▪️এসব পরিকল্পনা বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয় করবেন শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। 

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এ বিশেষ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুল সালাম, ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়