ছবি: সংগৃহীত
বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু এবং অভিবাসন ব্যয় নির্ধারণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বাজার সক্রিয় করার পাশাপাশি নতুন শ্রমবাজার সম্প্রসারণের দিকেও জোর দেয়া হচ্ছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান।
মো. নুরুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজার দ্রুত চালুর উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে থাইল্যান্ডসহ সম্ভাবনাময় নতুন বাজারে জনশক্তি রফতানির জটিলতা দূর করতে কাজ চলছে।
তিনি জানান, কিছু দেশে নির্দিষ্ট কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে অভিবাসন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার একটি নির্ধারিত ব্যয় কাঠামো প্রণয়নের কাজ করছে। নির্দিষ্ট ব্যয় নির্ধারণ করা হলে অতিরিক্ত অর্থ আদায় কমবে। একই সঙ্গে সিন্ডিকেট ভাঙাও সম্ভব হবে।
তিনি বলেন, এতদিন চাহিদা অনুযায়ী জনশক্তি সরবরাহ করা হলেও কিছু ক্ষেত্রে একচেটিয়া ব্যবসার কারণে খরচ বেড়ে গেছে। এ অস্বাভাবিক ব্যয় নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে আলোচনা চলছে। শিগগিরই ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। এতে উল্লেখযোগ্যসংখ্যক কর্মী পাঠানো সম্ভব হবে।
প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বাংলাদেশের শ্রমবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না। বরং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়তে পারে। এজন্য কর্মীদের ভাষা দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
আরও পড়ুন <<>> বিদ্যুৎ সাশ্রয়ী হতে কর্মকর্তাদের যে নির্দেশনা দিল ইসি
এছাড়া জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশে জনশক্তি রফতানি বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে। জাপানে কর্মী পাঠাতে বিশেষ সেল গঠন করা হয়েছে। এক লাখ কর্মী পাঠানোর লক্ষ্য দ্রুত বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।
বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ঋণ সহায়তার বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এ অর্থ নির্দিষ্ট খাতে ব্যয় করা যাবে।
সরকারি কর্মকাণ্ডের প্রচার বাড়াতে মন্ত্রণালয়গুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































