Apan Desh | আপন দেশ

কারাগার থেকে যারা ভোট দেবেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৯, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৫২, ২ ফেব্রুয়ারি ২০২৬

কারাগার থেকে যারা ভোট দেবেন

ছবি: আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এ নির্বাচনে কারাগারে বা আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন। একইভাবে তারা গণভোটেও অংশ নেবেন।

জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না। তবে দলটির কারাগারে থাকা সাবেক ১৪ জন মন্ত্রী ও সংসদ সদস্য ভোটের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এছাড়া ১৪ দলীয় জোটের দুই শরিক দলের সাবেক মন্ত্রীও ভোট দেবেন।

কারা অধিদফতরের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী নির্বাচনে অংশ নেবেন না। অনেকে বিভিন্ন মামলায় আটক আছেন। অনেকে পলাতক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের ভোটে উপস্থিতি নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

সূত্র অনুযায়ী, দেশের সব কারাগার থেকে মোট ৬ হাজার ২৪০ জন বন্দি ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন। এদের মধ্যে ৩০০ জন জামিনে মুক্ত হয়েছেন। বাকি ৫ হাজার ৯৬০ জন কারাগার থেকেই ভোট দেবেন।

ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন আওয়ামী লীগের সাবেক তিন মন্ত্রী। তারা হলেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান এবং সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এছাড়া ১৪ দলীয় জোটের শরিক দলের দুই নেতা ভোট দেবেন। তারা হলেন জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

কারাগারে থাকা সাবেক ১১ জন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীও ভোটার তালিকায় আছেন। তারা হলেন ডা. এনামুর রহমান, শাহ আলম (বরিশাল-২), শফিউল ইসলাম মহিউদ্দিন (ঢাকা-১০), শাহজাহান ওমর (ঝালকাঠি-১), সালাম মুরশিদ (খুলনা-৪), সাদেক খান (ঢাকা-১৩), সিরাজুল ইসলাম মোল্লা (নরসিংদী-৩), আবু রেজা নাজিমউদ্দিন (চট্টগ্রাম-১৫), নবী নেওয়াজ (ঝিনাইদহ-৩), ডা. আব্দুল আজিজ (সিরাজগঞ্জ-৩), চয়ন ইসলাম (সিরাজগঞ্জ-৬) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

আরও পড়ুন <<>> যেসব এলাকায় হর্ন বাজালে ১০ হাজার জরিমানা 

সরকারি উচ্চ পদে দায়িত্ব পালন করা কয়েকজন সাবেক কর্মকর্তা কারাগার থেকেই ভোট দেবেন। তারা হলেন সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদ এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান।

কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ জানান, বন্দিদের জাতীয় পরিচয়পত্রের তথ্য কারাগারের কাছে রয়েছে। নির্বাচন কমিশনের তৈরি পোস্টাল অ্যাপের মাধ্যমে তাদের ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করা হয়েছে। ৩-৫ ফেব্রুয়ারি পর্যন্ত পোস্টাল ভোট গ্রহণ করা হবে। পরে নিয়ম অনুযায়ী এসব ভোট নির্বাচন কমিশনে পাঠানো হবে।

তিনি জানান, সারা দেশের কারাগার থেকে ৫ হাজারের বেশি বন্দি ভোট দেবেন। এর মধ্যে কেরানীগঞ্জ কারাগারে ভোটার সবচেয়ে বেশি। সেখানে ৯৯০ জন বন্দি ভোটার রয়েছেন। এ তালিকায় সাবেক এমপি-মন্ত্রী, একজন সচিব ও একজন পুলিশ কমিশনারও আছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, ভোটের দিন কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই দিন সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। ভোটারদের মধ্যে কারা বিভাগের কিছু কর্মকর্তাও রয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়