Apan Desh | আপন দেশ

মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ চাইলেন সেনাবাহিনী প্রধান

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৮, ২৭ মে ২০২৪

মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ চাইলেন সেনাবাহিনী প্রধান

ছবি : সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু নয়, আমাদের সামরিক বাহিনী পৃথিবীর অনেকগুলো মিশনে দায়িত্ব পালন করেছে। এখনো ছয় হাজারের ওপরে শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। কোনো একটি মিশনে কেউ উদাহরণ দিয়ে বলতে পারবে, ওখানে আমরা মানবাধিকার লঙ্ঘন করেছি বা আমাদের শৃঙ্খলা খারাপ হয়েছে?

সোমবার (২৭ মে) দুপুরে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সেনাবাহিনী প্রধান বলেন, ‘পৃথিবীতে অনেকগুলো অঞ্চলে; শুধু আফ্রিকা নয়, আফ্রিকার বাইরে আমরা এশিয়া–ইউরোপেও দায়িত্ব পালন করেছি। কখনো কি আমাদের বিরুদ্ধে এই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পেয়েছেন?’

সম্প্রতি শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সেনা পাঠানো নিয়ে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের প্রচারিত তথ্যচিত্রের প্রসঙ্গ টেনে সেনাপ্রধান বলেন, ‘আজকে কেউ (ডয়চে ভেলে) একটি প্রতিবেদন করে বলার চেষ্টা করছে, অমুকে অমুক অর্গানাইজেশনে চাকরি করার সময় মানবাধিকার লঙ্ঘন করেছে। এটি শোনা কথা। যদি বাস্তবে এটি হয়েও থাকে, তবে আমাদের কি এ ব্যাপারে জানানো হয়েছিল?’

সেনাপ্রধান বলেন, ‘আমাদের অনেক অফিসার এবং সোলজাররা ডেপুটেশনে (প্রেষণে) অনেক জায়গায় চাকরি করেন। কিন্তু সেখানে গিয়ে যদি তারা কোনো অপরাধে জড়িয়ে যান এবং সে ব্যাপারে যদি আমাদের কাছে রিপোর্ট (অভিযোগ) আসে, আমরা কিন্তু এটির সঠিক বিচার করে প্রয়োজনীয় পদক্ষেপ নিই। আমরা যত অভিযোগ পেয়েছি, সবগুলো তদন্ত করেছি এবং দোষী পাওয়া গেলে তাদের শাস্তি দিয়েছি।’

সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘ওখানে (তথ্যচিত্রে) তারা তাদের হতাশা ব্যক্ত করে যে এ কথা (মানবাধিকার লঙ্ঘন) বারবার তারা বলেছে কিন্তু জাতিসংঘ সদর দফতর কোনো ব্যবস্থা নেয়নি। জাতিসংঘ ব্যবস্থা তো তখনই নেবে, যখন আমাদের বিরুদ্ধে দোষ পাবে। এ রকম একপেশে ও উদ্দেশ্যমূলক প্রতিবেদনের আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি।’

বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণ–সম্পর্কিত সব প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সংস্থা ‘অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টার (এএপিটিসি)’–এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রাজেন্দ্রপুর সেনানিবাসে।

এ সময় জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়