Apan Desh | আপন দেশ

স্বামী হত্যার বিচার চাই, কিছুর বিনিময় চাই না: সাংবাদিক নাদিমের স্ত্রী

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৫, ১৭ জুন ২০২৩

স্বামী হত্যার বিচার চাই, কিছুর বিনিময় চাই না: সাংবাদিক নাদিমের স্ত্রী

জামালপুরের বকশিগঞ্জে নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বললেন, স্বামী হত্যার বিচারে কোনো কিছুর বিনিময় চাই না। আমি চাই, এ ঘটনায় যারা দোষী তাদের শাস্তি হোক। 

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় নিহত সাংবাদিকের গরুহাটির বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে আলাপচারিতার সময় পুলিশ সুপার নাছির উদ্দিনকে তিনি এসব কথা বলেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নাদিম হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে গ্রেফতার ও ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার আশ্বাস দেন পুলিশ সুপার।

নাছির উদ্দিন বলেন, সাংবাদিক নাদিমের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় ছিল। অনেক তথ্য আমি নাদিমের মাধ্যমে পেতাম।

শুধু একজন পুলিশ সুপার হিসেবে না, নাদিমের ঘনিষ্ঠজন হিসেবে সঙ্গে আছি, থাকবো। হত্যাকান্ডের সঙ্গে জড়িত যেই হোক আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে।

বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার (১৫ জুন) ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

আপন দেশ/ প্রতিনিধি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়