Apan Desh | আপন দেশ

ডিআরইউ সদস্যদের সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড দেবে নগদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:০৭, ৬ অক্টোবর ২০২৬

ডিআরইউ সদস্যদের সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড দেবে নগদ

ছবি: আপন দেশ

সাংবাদিকতায় অনুসন্ধানী ও মানসম্মত প্রতিবেদনকে উৎসাহিত করতে ২৬ ক্যাটাগরিতে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ দেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। এ আয়োজনে বিভিন্ন বিষয়ে প্রকাশিত ও প্রচারিত সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দেয়া হবে। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিবেদন জমা দেয়া যাবে।

মঙ্গলবার (0৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবীর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যৌথভাবে এ ঘোষণা দেয়া হয়।

আয়োজকরা জানান, প্রিন্ট ও অনলাইন এবং টেলিভিশন ও রেডিও, এ দুই মাধ্যমে মোট ২৬টি ক্যাটাগরিতে বিষয়ভিত্তিক প্রতিবেদনের জন্য পুরস্কার দেয়া হবে। পাশাপাশি সব গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে আরও দুটি বিশেষ পুরস্কার। জমা পড়া প্রতিবেদন থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সেরা রিপোর্ট নির্বাচন করবেন দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক।

ডিআরইউ সদস্যদের ০১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদন এ পুরস্কারের জন্য জমা দিতে হবে। প্রতিবেদন জমা দেয়ার শেষ সময় ১৪ অক্টোবর ২০২৬।

স্বাস্থ্য, অর্থ, শিক্ষা, অপরাধ, রাজধানী-প্রশাসন, ক্রীড়া, কৃষি ও পরিবেশে, নারী ও শিশু, মানবাধিকার, নগর, বৈদেশিক সম্পর্ক, সামগ্রিক অর্থনীতি, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগসহ ২৬ টি পুরস্কার দেওয়া হবে। 

এক্ষেত্রে প্রিন্ট ও অনলাইনে ১৫ টি, টেলিভিশন ও রেডিও তে ১১ টি পুরস্কার দেয়ার ঘোষণা করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, বছরের সেরা রিপোর্টের জন্য সাংবাদিকদের সম্মানিত করার এ আয়োজন দেশের সাংবাদিকতাকে এগিয়ে নেয়ার একটি ইতিবাচক প্রক্রিয়া। সংগঠনের জন্মের পর থেকেই ঢাকা রিপোর্টার্স ইউনিটি এ দায়িত্ব পালন করে আসছে এবং এর ইতিবাচক প্রভাব সাংবাদিকতার ওপর পড়েছে।

আরও পড়ুন<<>>সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা করছে না: তথ্যমন্ত্রী

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এবারের আয়োজনেও ডিআরইউর অংশীদার হয়েছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। দেশের ডিজিটাল লেনদেন খাতে অল্প সময়েই বড় জায়গা করে নিয়েছে দেশীয় এ সেবা।

তিনি বলেন, এ বছরসহ মোট তিনটি অ্যাওয়ার্ড আয়োজনে ডিআরইউর সঙ্গে কাজ করেছে নগদ। দেশের সাংবাদিকতাকে আরও বেশি উৎসাহ দিতে দেশীয় সেবা নগদের নিরলস এ প্রচেষ্টাকে আমরা ধন্যবাদ ও স্বাগত জানাই।

নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূইয়া বলেন, দেশের সাংবাদিকতায় অবদান রাখা সাংবাদিকদের অন্যতম সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। আমরা দেশীয় মোবাইল আর্থিক সেবা হিসেবে এরকম একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে আনন্দিত।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা ও নিয়ম-নীতির বিষয়ে রাষ্ট্রের একটি চোখ হিসেবে কাজ করার ভূমিকা পালন করেন সাংবাদিকেরা। আরও ভালো ও সমৃদ্ধ সাংবাদিকতাকে উৎসাহিত করার জন্য বরাবরের মতো আমরা এবারও এই পুরস্কারের সঙ্গী হচ্ছি।

সংবাদ সম্মেলনে নগদের চিফ কমপ্লায়েন্স অফিসার ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (সিএএমএলসিও) মুহাম্মদ আনিসুর রহমান ভূইয়া, হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস মুহাম্মদ জাহিদুল ইসলাম, নগদ-ডিআরইউ অ্যাওয়ার্ডের সমন্বয়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দফতর সম্পাদক রাশিম মোল্লা, কল্যাণ সম্পাদক রফিক মৃধাসহ ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সদস্য এবং নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নগদ প্রথমবারের মতো ২০২১ সালে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়। এরপর ২০২৫ সালে এবং এবার ২০২৬ সালে তৃতীয়বারের মতো এ আয়োজনের সঙ্গে যুক্ত হলো প্রতিষ্ঠানটি। সাংবাদিকদের সম্মাননা দেয়ার মাধ্যমে দেশের সুসাংবাদিকতার প্রসারে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছে নগদ।

আপন দেশ/কেএম/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়