Apan Desh | আপন দেশ

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৮ মাসে ৬৫৫৪ কল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৩, ৬ সেপ্টেম্বর ২০২৬

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৮ মাসে ৬৫৫৪ কল

ছবি : আপন দেশ

আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও বিভিন্ন অভিযোগ নিয়ে গত আট মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৬ হাজার ৫৫৪টি কল এসেছে।

সুপ্রিম কোর্টের হেল্পলাইন মনিটরিং সেলের দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশ ও বিদেশ থেকে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ-সংক্রান্ত মোট ৬ হাজার ৫৫৪টি কল আসে। 

এসব কলের মধ্যে আইনি পরামর্শ পেতে ৮৭০টি কল আসে। আর মামলার তথ্য জানতে কল আসে ১ হাজার ১৩০টি। সবগুলো কলের তথ্যই সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়।

আরও পড়ুন: ‘রোহিঙ্গা সংকট এখন মানবিক সমস্যা নয়, আঞ্চলিক নিরাপত্তার হুমকি’

মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৭৮৪টি কল আসে। তবে অভিযোগগুলো সুপ্রিম কোর্টের এখতিয়ার বহির্ভূত হওয়ায় সে বিষয়ে হেল্পলাইন থেকে কোনো পরামর্শ প্রদান করা হয়নি।

মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, হেল্পলাইন নম্বর ১০৩-তে সেবা গ্রহণের জন্য কল প্রদানকারী সেবাগ্রহীতার কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি এমন কলের সংখ্যা ছিল ৩ হাজার ৬৫২টি। আর এই সময়ে সুপ্রিম কোর্ট ও জেলা আদালত-সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি, অসদাচরণ সম্পর্কিত ১১৮টি অভিযোগ আসে। এসবের মধ্যে বিলম্বে আইনি সেবা প্রাপ্তি, রায়ের কপি না পাওয়া, নথি নিখোঁজ ও দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত ৯৯টি অভিযোগ নিষ্পত্তি করা হয় এবং ১২টি অভিযোগ নিষ্পত্তির কার্যক্রম চলমান।

আর বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, অসদাচরণ সম্পর্কিত অবশিষ্ট ৭টি অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশক্রমে গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন করা হয় এবং হেল্পলাইন ‘১০৩’ চালু করা হয়। বর্তমানে সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বরে (০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০) কল ও হোয়াটসঅ্যাপ সার্ভিস ও ‘১০৩’-তে অনলাইন সার্ভিস চালু আছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়