ছবি: আপন দেশ
প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে তারা পুনরায় কাজে যোগ দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ।
তিনি জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় হাসপাতালের পরিচালকের সঙ্গে আলোচনা শেষে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।
এর আগে, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট সমাধান এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে বুধবার (২০ অক্টোবর) সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করেন রামেক হাসপাতালে কর্মরত ২৫২ জন ইন্টার্ন চিকিৎসক। এতে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়। দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা চরম ভোগান্তিতে পড়েন।
আরও পড়ুন<<>>অবরোধকারীদের হামলায় সাজেকে নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা জানান, একে তো হাসপাতালে ওষুধ নেই, তার ওপর চিকিৎসক না থাকায় তারা চরম বিপাকে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে হাসপাতাল ছেড়ে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে নিম্ন আয়ের মানুষেরা কোনো বিকল্প না পেয়ে হাসপাতালের বিছানায় শুয়েই যন্ত্রণায় কাতরাচ্ছেন।
আন্দোলনকারী চিকিৎসকেরা জানান, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। এর পাশাপাশি রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্বরত আনসার সদস্যদের দায়িত্ব পালনে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হতে হচ্ছে। সংঘবদ্ধ হুমকির মুখেও পড়তে হচ্ছে।
তারা আরও জানান, হাসপাতালের অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় ভর্তি থাকা ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। ফলে সীমিত জনবল ও অপ্রতুল চিকিৎসাসরঞ্জাম নিয়ে রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসকদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































