Apan Desh | আপন দেশ

সৌদিতে দণ্ডপ্রাপ্তদের তালিকায় আরও ২০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২২:০১, ২২ অক্টোবর ২০২৬

সৌদিতে দণ্ডপ্রাপ্তদের তালিকায় আরও ২০ বাংলাদেশি

ফাইল ছবি, আপন দেশ

সৌদি আরবের কারাগারে থাকা আরও ২০ বাংলাদেশির নামের পাশে দণ্ডপ্রাপ্ত লেখা রয়েছে। তবে তাদের শাস্তি কি, কত বছরের কারাদণ্ড, নাকি মৃত্যুদণ্ড, সৌদি সরকারের পাঠানো তালিকায় তার কিছুই লেখা নেই। বিষয়টি জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটও জানে না।

এ ২০ জনের মধ্যে ছিলেন নজরুল ইসলাম ও সুইটি আক্তার। যাদের মৃত্যুদণ্ড কার্যকরের খবর বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। তাদের মতো আরও ২০ জনের ভাগ্য এখন অনিশ্চিত। তাই তাদের কী সাজা দেয়া হয়েছে জানতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ১৯ অক্টোবর সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জেদ্দা শাখায় ওই চিঠি দিয়েছে।

জানতে চাইলে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের দণ্ডিত নাগরিকদের কনস্যুলার সুবিধা নিশ্চিত করার স্বার্থে সৌদি কর্তৃপক্ষের কাছে সুস্পষ্ট তথ্য চাওয়া হয়েছে। 

আরও পড়ুন<<>>মক্কায় বাংলাদেশি নারী-পুরুষের শিরশ্ছেদ

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় গত ৩০ সেপ্টেম্বর ২ হাজার ৪৬১ বাংলাদেশি বন্দির একটি তালিকা পাঠায়। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কর্মপরিধির এলাকায় কারাগারগুলোতে থাকা এসব বন্দীদের কারও বিরুদ্ধে আদালতের রায় হয়েছে, কারও মামলা চলছে। তালিকা খুঁটিয়ে দেখে কনস্যুলেট লক্ষ্য করে, কয়েকজনের অবস্থা কলামে দণ্ডপ্রাপ্ত লেখা থাকলেও রায়ের সারসংক্ষেপ কলাম ফাঁকা। শাস্তির ধরন বা মেয়াদ, কোনোটিই নেই।

১৯ অক্টোবর চিঠিতে কনস্যুলেট সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা অঞ্চল শাখাকে (জেদ্দা) অনুরোধ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত রায়ের সারসংক্ষেপ পাঠাতে। চিঠিতে বলা হয়েছে, কনস্যুলার দায়িত্ব পালনের জন্য এ তথ্য প্রয়োজন। সঙ্গে সংযুক্ত ৯ পাতার তালিকায় ওই বন্দিদের বিবরণ রয়েছে। চিঠিতে কতজনের কলাম ফাঁকা, তা বলা হয়নি। সংযুক্ত তালিকা গুনে পাওয়া গেছে ২২ জন।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সূত্রগুলো জানিয়েছে, সৌদি আরবের দেয়া তালিকা অনুযায়ী, ২২ জনের মধ্যে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলায় বিচার হয়েছে। পাঁচজনের বিরুদ্ধে মাদক পাচার এবং পাঁচজনের বিরুদ্ধে ব্যক্তিগত অধিকার-সংক্রান্ত মামলা । দুজনের মামলা রাষ্ট্রীয় আইন লঙ্ঘনের, একজনের সাইবার অপরাধের এবং একজনের ব্যভিচারের। ছয়জন আছেন জেদ্দার জাহবান কারাগারে, ছয়জন শুমাইসিতে, চারজন জেদ্দা জেনারেল কারাগারে। বাকি ছয়জন নাজরান, খামিস, আল-বাহা, হাদ্দাহ ও জেদ্দার নারী কারাগারে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়