Apan Desh | আপন দেশ

স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

ভোলা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৮, ২২ অক্টোবর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

ছবি: আপন দেশ

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং প্রয়োজন। গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, অর্থশালী বা বিত্তবান নয় কিন্তু সমাজে গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে নির্বাচন করার মত সুযোগ দেয়া উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষের নির্বাচন করার সুযোগ হয়। 

আরও পড়ুন<<>>দেশের ইতিহাসে প্রথম বিশৃঙ্খলা ছাড়াই দুর্গোৎসব: শাহে আলম

তিনি বলেন, আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলছে, আগামী ১০ বছরেও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ তাদের ক্ষমতার সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল, তখন সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব ছিল না। তাই এখন নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।

ভোলার খনিজ গ্যাসের সম্ভাবনা তুলে ধরে স্পিকার আরও বলেন, এ জেলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস আছে। এ গ্যাস সারাদেশের বর্তমানের রির্জাভ সমান দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে ভোলায় আরও গ্যাস ভাণ্ডার রয়েছে। ভোলার সাধারণ মানুষের গ্যাস প্রয়োজন। ভোলাবাসী অনেক দিন ধরে কষ্ট করছে। গ্যাসতো ভোলাবাসীর ন্যায্য অধিকার। তাদের র্দীঘদিনের দাবি। এ বিষয়ে আমি জ্বালানি মন্ত্রীর সঙ্গে কথা বলব।

নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিনদিনের সফর শেষে স্পিকার বেলা সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়