Apan Desh | আপন দেশ

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে আইনজীবী নিয়োগ সরকারের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৬, ২৪ মে ২০২৬

আপডেট: ২০:৫৬, ২৪ মে ২০২৬

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে আইনজীবী নিয়োগ সরকারের

ছবি: আপন দেশ

রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ চাঞ্চল্যকর ঘটনার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিচার শুরু হবে আগামী ১ জুন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। এমন পরিস্থিতিতে আসামিপক্ষের আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৪ মে) আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ দেয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমূল্যাহকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে একই দিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর তাদের কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয় এবং গারদখানায় রাখা হয়।

ফরেনসিক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর মরদেহ থেকে মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়।

আরও পড়ুন <<>> রামিসা হত্যা : আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

অন্যদিকে, এ মামলায় শনিবার (২৩ মে) সিআইডি ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করে। পাশাপাশি রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটরও নিয়োগ দিয়েছে সরকার।

এর আগে বুধবার (২০ মে) আদালতে আসামি সোহেল রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। একই দিনে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়