Apan Desh | আপন দেশ

এস আলমসহ ১১ জনের কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:৩৩, ২২ মে ২০২৬

এস আলমসহ ১১ জনের কারাদণ্ড

ছবি: আপন দেশ

ইসলামী ব্যাংকের ৮৪ কোটি ৪৯ লাখ টাকার ঋণ পরিশোধ না করায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ১১ জনকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত।

বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রাম অর্থঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ।

মো. এরশাদ জানান, ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার আবেদনের পর আদালত এ আদেশ দেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাও জারি করা হয়েছে।

সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার সহোদর ওসমান গনি, মো. রাশেদুল আলম, আব্দুস সামাদ, সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীন এবং ছেলে আহসানুল আলম।

এছাড়া এস আলম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওজি ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান গোফরানুল আলম, ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী, পরিচালক মো. আব্দুল্লাহ হাসান, ফারজানা বেগম ও শহিদুল আলমও মামলার আসামি।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২০ ডিসেম্বর ১৩৪টি বাস কেনার জন্য ওজি ট্রাভেলস লিমিটেডকে ৮০ কোটির বেশি ঋণ অনুমোদন দেয় ইসলামী ব্যাংক।

আরও পড়ুন <<>> বলাৎকার-আত্মহত্যা প্ররোচনায় অভিযুক্তের ৫ দিনের রিমান্ড

পরে ২০২৪ সালের ১০ মার্চ থেকে ৮ জুলাই পর্যন্ত আট দফায় খাতুনগঞ্জ শাখার মাধ্যমে ঋণের অর্থ ছাড় করা হয়। তবে নির্ধারিত বাস সরবরাহ না হওয়ায় পুরো অর্থ ঝুঁকির মুখে পড়ে।

আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৩ আগস্ট পর্যন্ত সুদসহ ব্যাংকের মোট পাওনা দাঁড়িয়েছে প্রায় ৮৪ কোটি ৪৯ লাখ টাকা।

ঋণের অর্থ আদায়ে ব্যর্থ হয়ে গত বছরের ২৬ আগস্ট চট্টগ্রাম অর্থঋণ আদালত-১ এ মামলা করে ইসলামী ব্যাংক।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়