Apan Desh | আপন দেশ

বিএনপির চার প্রার্থীর আবেদন গ্রহণ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩০, ২ মার্চ ২০২৬

বিএনপির চার প্রার্থীর আবেদন গ্রহণ হাইকোর্টের

ফাইল ছবি

আরও চার আসনে বিএনপি প্রার্থীদের কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চার আসনের প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে সোমবার (০২ মার্চ) এ আদেশ দেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল।

অভিযোগকারী ৪ প্রার্থী হলেন- কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন। তারা সবাই বিএনপির প্রার্থী। এ প্রার্থীদের আনা কারচুপির অভিযোগের প্রেক্ষিতে এ চার আসনের রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল।

এর আগে রোববার (০১ মার্চ) বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিবের পৃথক আবেদন শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। এছাড়া বৃহস্পতিবার চারটি আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। 

আরও পড়ুন<<>>প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব চেয়েছে ইসি

যে চারটি আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে সেগুলো হলো- শেরপুর-১, ঢাকা-৬ ও ৭ এবং গাইবান্ধা-৪। আবেদনকারী চার প্রার্থী হলেন- শেরপুর-১ আসনে বিএনপির সানসিলা জেবরিন, ঢাকা-৬ আসনে জামায়াতের মো. আবদুল মান্নান, ঢাকা-৭ আসনে জামায়াতের মো. এনায়াত উল্লাহ এবং গাইবান্ধা-৪ আসনে জামায়াতের মো. আবদুর রহিম সরকার।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এ বেঞ্চে অন্যান্য দেয়ানি এখতিয়ারের সঙ্গে দেখা যায়, ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক “নির্বাচনী” আবেদনপত্র; যে সব বিষয় এ বেঞ্চে স্থানান্তরিত হবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়