ফাইল ছবি, আপন দেশ
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীর ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৫ মার্চের মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব এএসএম ইকবাল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুসারে নির্বাচিত প্রার্থীগণের নামের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যয়ের রিটার্ন দাখিলের বিধান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীগণের নাম, ঠিকানা সম্বলিত গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন<<>>প্রকল্পের কার্যকর মনিটরিং নিশ্চিত করার নির্দেশ শিক্ষামন্ত্রীর
চিঠিতে আরও বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ কর্তৃক ব্যয় বিবরণী দাখিল নিশ্চিতকরণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারিকৃত পরিপত্র-১৮ অনুসারে কার্যক্রম গ্রহণ করতে হবে। এছাড়া নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলকৃত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্ব-স্ব নির্বাচনি ব্যয়ের রিটার্নের তথ্য আগামী ২৫ মার্চের মধ্যে ইসিতে পাঠাতে হবে।
মূলত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করে নির্বাচন কমিশন। সে হিসেবে আগামী ১৫ মার্চ গেজেট প্রকাশের ৩০ দিন পূর্ণ হবে। আর ওই দিনেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজারেরও অধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































