Apan Desh | আপন দেশ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৩৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৮:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার রায় আজ

ছবি : আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো ও একজনকে গুলি করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এর তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেবেন। প্যানেলের নেতৃত্বে রয়েছেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। অন্য দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলার রায়ের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তৃতীয় কোনো মামলার নিষ্পত্তি হতে যাচ্ছে। রোববার (০১ ফেব্রুয়ারি) আদালত রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

এর আগে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২০ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ১৪ ও ১৫ জানুয়ারি তাদের যুক্তিতর্ক তুলে ধরেন। পরে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ও এস. এম. মিরাজুল আলম আজমান পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করেন।

আরও পড়ুন<<>>আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার রায় বৃহস্পতিবার

মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার গ্রেফতার হয়ে বিচারাধীন রয়েছেন। এ ছাড়া সাবেক এমপি সাইফুলসহ আরও আটজন আসামি এখনো পলাতক বলে জানা গেছে।

গত বছরের ২১ আগস্ট এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়, যা দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। সে সময় আদালতে উপস্থিত আট আসামির মধ্যে সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন। তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করেন এবং পরবর্তী সময়ে রাজসাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়