Apan Desh | আপন দেশ

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৭, ৮ অক্টোবর ২০২৬

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

ছবি : সংগৃহীত

পূর্ব জাপানে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ভোরে আঘাত হানা এ ভূকম্পনে চিবা ও ইবারাকি প্রিফেকচার কেঁপে উঠলেও কোনো সুনামির আশঙ্কা নেই। দেশটির আবহাওয়া সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির (জেএমএ) বরাত দিয়ে কিয়োদো নিউজ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ১৩ মিনিটে চিবা প্রিফেকচারের উত্তর-পূর্বাঞ্চলে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর প্রাথমিক মাত্রা ছিল ৪.৮। খবর জাপান টাইমস ও আনাদোলুর।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) গভীরে এবং আসাহি শহরে এর তীব্রতা ৪ রেকর্ড করা হয়। ইবারাকি প্রিফেকচারসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কম্পন অনুভূত হয়।

এর প্রায় তিন ঘণ্টা পর, সকাল ৭টা ১৪ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে প্রতিবেশী ইবারাকি প্রিফেকচারে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ এবং উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৬০ কিলোমিটার গভীরে। স্থানীয় ভূকম্পন তীব্রতা স্কেলে হিতাচিওমিয়া শহরে এর মাত্রা ৩ রেকর্ড করা হয়।

আরও পড়ুন<<>>রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ২৮

সংস্থাটি জানিয়েছে, দুটি ভূমিকম্পের কোনোটির ফলেই সমুদ্রে সুনামির সৃষ্টি হয়নি এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্ব জাপানে ঘন ঘন ভূকম্পন অনুভূত হচ্ছে। 

এর আগে গত ০১ অক্টোবর উত্তর-পূর্ব চিবায় ৫ দশমিক ১ মাত্রা এবং ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে ৪ দশমিক ৯ মাত্রার দুটি ভূমিকম্প হয়। 

এছাড়া গত ২৩ আগস্ট একই অঞ্চলে সংঘটিত ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে রাজধানী টোকিওতে অন্তত ৪০ জন আহত হয়েছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়