Apan Desh | আপন দেশ

এসআইআর কাণ্ড

প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেফতারের দাবি মমতার

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪১, ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেফতারের দাবি মমতার

ছবি : সংগৃহীত

বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নিয়ে ভারতজুড়ে বিতর্ক চলমান অবস্থায় রয়েছে। এর মধ্যেই নির্বাচন কমিশনের অভ্যন্তরেই মতপার্থক্যের তথ্য সামনে নিয়ে এসেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। 

আর এমন চাঞ্চল্যকর খবর বাইরে আসার পরই ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা মেয়ে প্রশ্ন তুলেছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। 

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন। 

কমিশনকে দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়ে ময়দানে নেমেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ভোট চুরি নিয়েই নির্বাচন কমিশনকে নিশানা করে বুধবার (২৩ সেপ্টেম্বর) কংগ্রেস এমপি রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভোট চুরি ভারতীয় জনগণের বিরুদ্ধে একটি অপরাধ এবং আমাদের সংবিধানের ওপর সরাসরি আঘাত। 

বিজেপি, আরএসএস এবং নির্বাচন কমিশন—যারা এর আয়োজন করেছে—তারা দেশদ্রোহিতামূলক কাজ করেছে। এর বিচার হবেই।’ এরই সঙ্গে একটি ভিডিও বার্তা পোস্ট করেন লোকসভার বিরোধী দলনেতা।

এদিন বিকালে ফেসবুক লাইভে এসে মমতা বলেন, কেবলমাত্র জোর করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমাদেরকে হারানোর জন্য বিধানসভা নির্বাচনের ৭-৮ মাস আগে থেকে এসআইআর প্রক্রিয়া শুরু করেছিল নির্বাচন কমিশন। 

এই প্রক্রিয়ায় কেবলমাত্র পশ্চিমবঙ্গ থেকেই ৯২ লাখ ভোটারের নাম বাদ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। 

এরপর ইভিএম হাইজ্যাক করেছে, আলিপুরে ইভিএমে অগ্নি সংযোগ করা হয়েছে। তাই আমাদের দাবি, জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে। 

গ্রেফতারের পর তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং নিতে হবে এবং তার সঙ্গে সরকারের যারা মদদদাতা রয়েছেন তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে।

কেবলমাত্র বিজেপির ইগোকে সন্তুষ্ট করার জন্য, জ্ঞানেশ কুমার নিজের পরিবারকে সব কিছু পাইয়ে দেয়ার জন্য এই কাজ করেছে বলেও মমতার দাবি।

এসআইআর'কে ‘স্পেশাল ইনটেন্সিভ রুলিং পার্টি’ বলে কটাক্ষ করে মমতা বলেন, বিজেপি এবং জ্ঞানেশ কুমার মিলে আজ দেশে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি তৈরি হয়েছে। এর সঙ্গে রয়েছে সীমা খান্না। এরা যৌথভাবে বাংলার নির্বাচনকে লুট করেছে। 

বাংলার পাশাপাশি বিহার, মধ্যপ্রদেশ, হরিয়ানাতেও জোর করে নির্বাচন জিতেছে। এ কথা আমরা বারবার বলেছি- আজকে সেটা প্রমাণিত হয়ে গেছে।

এসময় মমতার দাবি, যদি এতটুকু নৈতিকতা থাকে, তবে আমাদের নির্বাচন ফিরিয়ে দিন। এসআইআর প্রক্রিয়ায় যে মানুষগুলোর নাম বাদ গেছে সব পুরোনো তালিকা ফিরিয়ে দিতে হবে এবং যে যে রাজ্যে এসআইআর’র নাম করে ইভিএম লুট করে, হাইজ্যাক করে ওই রাজ্যগুলোতে জিতেছে সেখানে পুরোনো ভোটার তালিকা এনে নতুন করে ভোটের ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন >< ভয়াবহ রূপে আসছে এল নিনো, বাংলাদেশে হতে পারে প্রাণহানি

প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেফতারের দাবিতে দেশের সব রাজনৈতিক দলগুলকে আন্দোলনে নামার আহবান জানিয়ে মমতা বলেন, আপনারা রাস্তায় নামলে আমি আপনাদের সঙ্গে থাকব। আমাকে মারুক, ধরুক, অত্যাচার করুক। আমি এসবে ভয় পাই না।

এদিকে কংগ্রেস, তৃণমূলসহ বিরোধী দলগুলোর এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপির এমপি সম্বিত পাত্র বলেন, ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে নির্বাচনে পরাজয়ের পর তারা এখন নির্বাচন কমিশনকে নিশানা করছে। আসলে জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়ে বিরোধীরা এখন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর আক্রমণ চালাচ্ছে।

সম্বিত পাত্রের বক্তব্য, নির্বাচন কমিশনের তিন সদস্যের মধ্যে মতবিনিময় ও ভিন্নমত প্রকাশ গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। 

তার দাবি, কমিশনারদের মধ্যে যোগাযোগ না থাকলে বিরোধীরাই আবার কমিশনকে ‘স্বৈরাচারী’ বা সরকারের ‘জী-হুজুর’-এর প্রতিষ্ঠান বলে অভিযোগ করত।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়