Apan Desh | আপন দেশ

বাব আল-মান্দেব প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০০, ১১ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

ছবি : সংগৃহীত

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব। এ জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় এক সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানা গেছে। 

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সরকারি বাহিনী পিছু হটার পর সশস্ত্র হুতি যোদ্ধাদের বহনকারী নৌযানগুলো মেয়ুন দ্বীপে পৌঁছায়। পেরিম নামেও পরিচিত এ দ্বীপটি প্রণালিটিকে দুটি নৌপথে বিভক্ত করেছে।

তিনি বলেন, বাব আল-মান্দেব এলাকা এবং প্রণালির মাঝখানে অবস্থিত মেয়ুন দ্বীপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে।

এক প্রত্যক্ষদর্শী জানান, বন্দুকধারীরা বাব আল-মান্দেব উপকূলজুড়ে অবস্থান নিয়েছে। তারা সেখানে সামরিক যানবাহনে টহল দিচ্ছে।

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘে ইয়েমেনের দূত আবদুল্লাহ আল-সাদি সতর্ক করে বলেন, হুতি গোষ্ঠীর ক্রমাগত সামরিক সম্প্রসারণের ফলে লোহিত সাগরে এক ‘নতুন বাস্তবতা’ তৈরি হয়েছে।

আরও পড়ুন <<>> মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল

সৌদি আরবের ওপর হুতিদের হামলা নিয়ে আয়োজিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে আল-সাদি বলেন, এ গোষ্ঠীর কর্মকাণ্ড কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলছে।

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় তেহরান। ফলে বাব আল মান্দেব প্রণালি নৌচলাচলের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হুতিরা এর নিয়ন্ত্রণ নেয়ায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ এ পথ দিয়ে চলাচলের ঝুঁকি আরও বাড়ল।

এদিকে হুতিদের নিয়ন্ত্রণে থাকা মোখা বিমানবন্দরে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুতি পরিচালিত আল-মাসিরা টিভি। শুক্রবার দুই দফায় এ হামলা চালানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

City Touch