Apan Desh | আপন দেশ

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, উত্তাল ভারতের ঝাড়খণ্ড

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০১, ৬ আগস্ট ২০২৬

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, উত্তাল ভারতের ঝাড়খণ্ড

ফাইল ছবি, আপন দেশ

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের ভারতের ঝাড়খণ্ড। এ ঘটনায় টানা ১২ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে সমর্থন জানিয়েছে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলন ইতোমধ্যে ব্যাপক আকার ধারণ করেছে। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে শত শত মানুষ অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন।

গত ৫ জুলাই ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণার পর এ প্রতিবাদ শুরু হয়। পরীক্ষায় অংশ নেয়া চাকরিপ্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলেন। এরপর থেকে শিক্ষার্থীরা স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে দিনরাত প্রতিবাদ এবং অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট করে আসছেন।

ক্রমবর্ধমান এ আন্দোলন চলায় শেষ পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে রাজ্য সরকার আলোচনায় বসতে বাধ্য হয়। 

বুধবার (০৫ আগস্ট) রাঁচির মহকুমা কর্মকর্তা (এসডিও) কুমার রজত বিক্ষোভস্থল পরিদর্শন করেন। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার বিষয়ে সরকারের আগ্রহের কথা জানান। এ জন্য পাঁচ থেকে সাতজনের একটি প্রতিনিধি দল গঠন করেন। 

আরও পড়ুন<<>>যুদ্ধ নয়, ইরানের সঙ্গে সমঝোতায় আগ্রহী ট্রাম্প

প্রতিবেদনে বলা হয়েছে, হেমন্ত সোরেন সরকার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। রজত জানিয়েছেন, নিয়োগ পরীক্ষায় অনিয়মসংক্রান্ত অভিযোগগুলো ইতোমধ্যে তদন্তাধীন রয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি নিয়ে কাজ করছে।

এদিকে শিক্ষার্থীরা রুদ্ধদ্বার বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, প্রক্রিয়াটি স্বচ্ছভাবে ও প্রকাশ্যে পরিচালিত হলেই তারা আলোচনায় রাজি হবেন। সরকারের সঙ্গে যেকোনো আলোচনা গণমাধ্যম ও ক্যামেরার উপস্থিতিতে হওয়া উচিত।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা অনিয়মের বিষয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে রাজ্য সরকার জানিয়েছে, সিআইডি ইতোমধ্যে তদন্ত করছে এবং জড়িতদের গ্রেফতারও করা হয়েছে।

বুধবার রাজ্য পরীক্ষা পরিচালনাকারী সংস্থা টিডিপিএলের হিসাবরক্ষক সিংকে গ্রেফতার করেছে সিআইডি। তিনি পরীক্ষা পরিচালনাকারী সংস্থার সদস্য ছিলেন। এ ছাড়াও একই মামলায় সিআইডি আরও পাঁচজনকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে এ ঘটনায় প্রায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, নিয়োগসংক্রান্ত অনিয়মের পূর্ণাঙ্গ উদ্ঘাটনে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) দায়িত্ব পালন করছে। কর্তৃপক্ষ ইতোমধ্যে ডিজিটাল রেকর্ড, আবেদনপত্রের তালিকা এবং সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করেছে।

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ বুধবার ঝাড়খণ্ডের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে আন্দোলন একটি ‘চাপ সৃষ্টিকারী গোষ্ঠী’ হিসেবে কাজ করবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement