Apan Desh | আপন দেশ

ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানে হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৫৯, ৮ জুন ২০২৬

ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানে হামলা ইসরায়েলের

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংযম প্রদর্শনের আহবানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সোমবার (০৮ জুন) ভোরের দিকে হামলা চালায় দখলদার বাহিনী।

আইআরএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসফাহান শহরে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে রোববার (০৭ জুন) রাতে ইরান উত্তর ইসরায়েলের দিকে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরান দাবি করেছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকায় ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওই হামলায় অন্তত দুইজন নিহত এবং ২০ জন আহত হন। দাহিয়েহ অঞ্চলটি ইরান-সমর্থিত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হামলার পর ইসরায়েল পাল্টা জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা যায়।

আরও পড়ুন<<>>৪৮০০ জনকে সীমান্তের ওপারে পাঠানো হয়েছে: শুভেন্দু অধিকারী

এদিকে পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলে সংযম প্রদর্শনের আহবান জানান। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিলে তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা ভেস্তে যেতে পারে।

ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনা একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে এবং সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই তিনি ইসরায়েলকে তাৎক্ষণিক প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

তবে ট্রাম্পের এ পরামর্শ কানে নেয়নি ইসরায়েল। তেহরানসহ তাবরিজ ও ইসফাহান শহরে হামলা চালিয়েছে তারা।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়