Apan Desh | আপন দেশ

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:১২, ২৭ মে ২০২৬

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়

নুরুননাহার নিম্নি। ছবি : সংগৃহীত

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন নুরুননাহার নিম্নি। বুধবার (২৭ মে) নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে তিনি সফলভাবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান ৮কে এক্সপেডিশনের পক্ষ থেকে অ্যাঙ তেম্বা শেপরা এই তথ্য নিশ্চিত করেন।

এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ইকরামুল হাসান শাকিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্ত আরোহণের লক্ষ্যে গত ২৫ মে নুরুননাহার নিম্নি ক্যাম্প-২ থেকে যাত্রা শুরু করেন। ৬ হাজার ৪০০ মিটার উচ্চতার ওই ক্যাম্প থেকে রওনা হয়ে রাতে তিনি ক্যাম্প-৩–এ অবস্থান নেন।

পরদিন ২৬ মে ভোরে ক্যাম্প-৩ থেকে যাত্রা করে দুপুর আড়াইটার দিকে তিনি ক্যাম্প-৪–এ পৌঁছান। সেখানে বিশ্রাম শেষে সন্ধ্যায় শুরু করেন চূড়ান্ত অভিযান।

সারারাত প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পথ অতিক্রম করে বুধবার ভোরে তিনি এভারেস্টের শীর্ষে পৌঁছান। সেখানে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে গৌরবের নতুন ইতিহাস গড়েন তিনি।

এ অভিযানে তার সঙ্গে ছিলেন দাওয়া নুপু শেরপা এবং লাকপা থিনদুক শেরপা।

গত ১১ এপ্রিল নেপালের উদ্দেশে ঢাকা ছাড়েন নুরুননাহার নিম্নি। পুরো অভিযানটি পরিকল্পনা করে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। স্পনসর ছিল পূবালী ব্যাংক পিএলসি।

আরও পড়ুন <<>> লেবাননে ইসরায়েলি হামলায, শিশুসহ নিহত ৩১

অষ্টম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করে দেশের পর্বতারোহণের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করলেন নুরুননাহার নিম্নি। এর আগে ২০১০ সালের ২৩ মে মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন।

২০১১ সালের ২১ মে এম এ মুহিত দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন। পরে ২০১২ সালের ২০ মে তিনি আবারও এভারেস্টের চূড়ায় ওঠেন।

২০১২ সালের ১৯ মে নিশাত মজুমদার বাংলাদেশের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন। একই বছরের ২৬ মে ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট জয় করেন।

২০১৩ সালের ২১ মে মোহাম্মদ খালেদ হোসেন, যিনি সজল খালেদ নামেও পরিচিত, এভারেস্ট জয় করেন। তবে চূড়া থেকে ফেরার পথে ৮ হাজার ৬০০ মিটার উচ্চতায় তিনি মারা যান।

২০২৪ সালের ১৯ মে বাবর আলী এভারেস্ট জয় করেন। একই বছরের ১৯ মে ইকরামুল হাসান শাকিলও এভারেস্টের চূড়ায় আরোহণ করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়