Apan Desh | আপন দেশ

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি তুরস্কের

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৪, ১৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৩১, ১৩ এপ্রিল ২০২৬

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি তুরস্কের

ছবি: সংগৃহীত

ইসরায়েলকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের কড়া বক্তব্যকে কেন্দ্র করে এ উত্তেজনা হয়। ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘বর্বরতা’ আখ্যা দিয়ে তিনি দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। এর জবাবে ইসরায়েলি নেতাদের পাল্টা আক্রমণাত্মক মন্তব্যে দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে।

রোববার (১২ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন ও লেবাননে নৃশংসতা চালানোর অভিযোগ তোলেন এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দেন।

এরদোয়ান বলেন, অতীতে কারাবাখ ও লিবিয়ায় যেমন হস্তক্ষেপ করা হয়েছিল, তেমন পদক্ষেপ ইসরায়েলের বিরুদ্ধেও নেয়া হতে পারে। রক্তে রঞ্জিত এ গণহত্যার নেটওয়ার্ক কোনও নিয়ম-নীতি মানছে না, মানবিক মূল্যবোধ উপেক্ষা করে নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষকে হত্যা করছে। তিনি দাবি করেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলের হামলায় লেবাননের প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

তিনি বলেন, ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েল যা করছে, তা ঠেকাতে আমাদের শক্তিশালী হতে হবে। আমরা যেমন কারাবাখে গিয়েছি, যেমন লিবিয়ায় গিয়েছি, তেমনই তাদের বিরুদ্ধেও যাব।

এরদোয়ানের এ বক্তব্যকে ফিলিস্তিনি অধিকার রক্ষায় তুরস্কের অবস্থান জোরালোভাবে তুলে ধরার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে তুরস্কের একটি আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ ৩৫ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির-ও রয়েছেন। অভিযোগে বলা হয়, ২০২৫ সালের অক্টোবরে ‘সুমুদ’ গাজা বহরে নৌ-অভিযান চালিয়ে আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক লোকদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল।

আরও পড়ুন <<>> মধ্যপ্রাচ্যের সব বন্দরে হামলার হুমকি ইরানের

এ ঘটনায় সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ কয়েকজনকে আটক করা হয়। ঘটনার পর তুরস্ক সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সিদ্ধান্ত নেয়।

এ পদক্ষেপের জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। তুরস্ক বলছে, তারা আন্তর্জাতিক আইন রক্ষার স্বার্থেই এ ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে ইসরায়েলি নেতারা এরদোয়ানকে ‘কাগুজে বাঘ’ বলে অভিহিত করে তাকে ভণ্ডামির অভিযোগে অভিযুক্ত করেছেন।

শনিবার সামাজিক মাধ্যমে দেয়া পৃথক পোস্টে নেতানিয়াহু, কাটজ ও বেন-গভির এরদোয়ানের সমালোচনা করেন। নেতানিয়াহু অভিযোগ করেন, এরদোয়ান নিজ দেশের কুর্দি নাগরিকদের বিরুদ্ধে দমন-পীড়ন চালিয়েছেন। এর জবাবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুকে ‘আমাদের সময়ের হিটলার’ বলে আখ্যা দেয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়