ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র—এমন দাবি করেছে ইরানি গণমাধ্যম। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, বৃহস্পতিবার (০২ এপ্রিল) একটি তৃতীয় দেশের মাধ্যমে এ প্রস্তাব পাঠানো হয়।
সংস্থাটি একটি সূত্রের বরাত দিয়ে দাবি করে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং সেখানে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর চাপের কারণেই যুক্তরাষ্ট্র এ উদ্যোগ নেয়।
প্রতিবেদন অনুযায়ী, ইরান এ প্রস্তাবের কোনো লিখিত জবাব দেয়নি। বরং তারা সামরিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এদিকে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বলেও উল্লেখ করা হয়। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপ-এ একটি মার্কিন সামরিক গুদামে হামলার খবর প্রকাশের পর এ প্রচেষ্টা আরও জোরদার হয়।
আরও পড়ুন <<>> ইরানে প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্স
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর বিমান হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত এক হাজার ৩৪০ জনের বেশি মানুষের মৃত্যুর দাবি করা হয়েছে। নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-ও রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর জবাবে ইরান ইসরায়েলসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে, যেখানে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে, সেখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে বিশ্ববাজার এবং আন্তর্জাতিক বিমান চলাচলেও এর প্রভাব পড়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































