Apan Desh | আপন দেশ

ইরানে সামরিক অভিযান শেষ পর্যায়ে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২৮, ২ এপ্রিল ২০২৬

ইরানে সামরিক অভিযান শেষ পর্যায়ে: ট্রাম্প

ছবি : সংগৃহীত

ইরানে সামরিক অভিযান শেষ পর্যায়ে আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে আরও কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দেন।  স্থানীয় সময় বুধবার (০১ এপ্রিল) জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। 

ট্রাম্প বলেন, আজ অত্যন্ত আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি আমাদের কৌশলগত লক্ষ্য অর্জন প্রায় কাছাকাছি আছে। গত চার সপ্তাহে আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে দ্রুত, চূড়ান্ত ও অপ্রতিরোধ্য জয় এনে দিয়েছে। এমন জয় যা কিছু মানুষ কখনো দেখেননি।

মার্কিন প্রেসিডেন্ট আবারও দাবি করেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি ছিল। যদিও তিনি তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। যুদ্ধ শুরুর আগে ইরান একাধিকবার জানিয়েছিল, তারা কোনো ধরনের পারমাণবিক বোমা তৈরি করছে না।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি ২০১৫ সাল থেকে বলছি ইরানকে কখনো পারমাণবিক বোমার অধিকারী হতে দেয়া হবে না। ইরানিরা ইসরায়েল যুক্তরাষ্ট্রের মৃত্যকামনা করে।

একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, শাসন পরিবর্তন আমাদের লক্ষ্য ছিল না। আমরা কখনোই শাসন পরিবর্তনের কথা বলিনি। কিন্তু তাদের সব শীর্ষ নেতার মৃত্যুর কারণে বাস্তবে শাসন পরিবর্তন হয়ে গেছে। তারা সবাই মারা গেছেন।

এর আগে বুধবারই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে। তবে তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার পরই কেবল এ অনুরোধ বিবেচনা করা হবে।

আরও পড়ুন<<>>মার্কিনিদের উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের বিশেষ বার্তা

এর আগে পর্যন্ত তিনি লিখেছেন, আমরা ইরানকে সম্পূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি ও তাদের পাথর যুগে ফিরিয়ে নিচ্ছি।

ট্রাম্প আরও বলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে। দেশটির বেশির ভাগ নেতা মারা গেছেন। তিনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্রাম্প এরপর ইরান যুদ্ধে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের মিত্রদেশ বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তারা অসাধারণ কাজ করেছে। ইরান এসব অনেক দেশের ওপর হামলা চালিয়েছে। এতে স্পষ্ট হয় যে ইরানের কখনই পারমাণবিক অস্ত্র থাকা উচিত না। আমরা কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেবো না।

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে দ্রুত আটক করতে পারায় মার্কিন সেনাদের ধন্যবাদ জানান ট্রাম্প। এ ঘটনা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে বলেও দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক এখন ভালো যাচ্ছে বলেন ট্রাম্প। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন আর মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল নয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়