Apan Desh | আপন দেশ

পাকিস্তানে ‘ভারতীয় প্রক্সি বাহিনী’র ১৩ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৬, ১ এপ্রিল ২০২৬

পাকিস্তানে ‘ভারতীয় প্রক্সি বাহিনী’র ১৩ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ‘ভারতীয় প্রক্সি বাহিনী’ সন্দেহে সদস্যদের আস্তানায় গোয়েন্দাভিত্তিক অভিযান চালিয়েছে দেশের নিরাপত্তা বাহিনী। দেশটির নিরাপত্তা বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর জানিয়েছে, অভিযানে ১৩ সদস্য নিহত হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ‘সন্ত্রাসীদের’ উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার জেলার বারা এলাকা এবং বান্নু জেলায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। বারা এলাকায় পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনী ‘সন্ত্রাসীদের’ অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালায়, যেখানে তীব্র গোলাগুলির পর ১০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়।

বান্নু জেলায় পরিচালিত আরেকটি গোয়েন্দাভিত্তিক অভিযানে আরও তিনজন সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর জানিয়েছে, যদি আরও ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ পাওয়া যায়, তাদেরও নির্মূল করতে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে চালানো হবে।

আরও পড়ুন <<>> ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল—বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে—সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ দুই অঞ্চলেরই আফগানিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে।

ক্রমবর্ধমান সহিংসতার প্রেক্ষাপটে পাকিস্তান ‘গজব-উল-হক’ নামে একটি সামরিক অভিযান চালায় আফগানিস্তান ও সীমান্তবর্তী এলাকায়। এতে প্রায় ৬৮৪ জন আফগান তালেবান যোদ্ধা ও সংশ্লিষ্ট সশস্ত্র সদস্য নিহত হয়। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, এ অভিযানে ৯০০ জনের বেশি তালেবান সদস্য আহত হয়েছেন। এছাড়া ধ্বংস করা হয়েছে ২৫২টি চেকপোস্ট।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়