Apan Desh | আপন দেশ

যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৮, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ২২:৫৫, ১৭ মার্চ ২০২৬

যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান

মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতি স্বীকার করতে হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ওই কর্মকর্তা বলেন, সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক বৈঠক করেন খামেনি। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের প্রশ্নে ‘কঠোর ও অনমনীয়’ অবস্থান নেন। তবে তিনি বৈঠকে সরাসরি নাকি ভার্চুয়ালি অংশ নেন—তা স্পষ্ট করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, দুইটি মধ্যস্থতাকারী দেশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দেয়। তবে প্রস্তাবের বিস্তারিত বা সংশ্লিষ্ট দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি।

প্রস্তাবের জবাবে খামেনি বলেন, যতক্ষণ না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরাজয় স্বীকার করছে এবং ক্ষতিপূরণ দিচ্ছে, ততক্ষণ শান্তির সময় আসেনি।

আরও পড়ুন <<>> ইরানকে ‘ভয়াবহ সন্ত্রাসী দেশ’ আখ্যা ট্রাম্পের

ইরানের রাষ্ট্রব্যবস্থায় সর্বোচ্চ নেতার সিদ্ধান্তই চূড়ান্ত। এক সপ্তাহ আগে পিতা আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে নতুন নেতার কোনো সাম্প্রতিক ছবি প্রকাশ করা হয়নি।

ইরানি কর্মকর্তাদের দাবি, আলি খামেনির ওপর হামলার ঘটনায় নতুন সর্বোচ্চ নেতাও সামান্য আহত হয়েছেন। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, তার আঘাত গুরুতর ছিল।

এদিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত দুই হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই।

সংঘাতের প্রভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। এ জলপথ খুলে দেয়ার আহবান জানানো হলেও মিত্রদের পক্ষ থেকে সে অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানা গেছে। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বাড়ছে জ্বালানির দাম এবং দেখা দিয়েছে মুদ্রাস্ফীতির আশঙ্কা।

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া প্রথম ভাষণে মোজতবা খামেনি বলেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে।

এদিকে গত ১৪ মার্চ একাধিক সূত্রের বরাতে রয়টার্স জানায়, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর মাধ্যমে যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ নেয়ার প্রস্তাবও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রত্যাখ্যান করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়