ছবি: সংগৃহীত
হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে ইরানকে ‘ভয়াবহ সন্ত্রাস ও শক্তির দেশ’ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও মিত্রদের চলমান সামরিক অভিযানের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন তিনি।
ওয়াশিংটনের হোয়াইট হাউসে কেনেডি সেন্টারের বোর্ড সভা শুরুর আগে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে সহিংস এ শাসনব্যবস্থাকে ভেঙে দেয়া সময়ের দাবি ছিল এবং এটি আরও আগেই করা উচিত ছিল।
তিনি দাবি করেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেয়া যাবে না। তা হলে পুরো মধ্যপ্রাচ্য মারাত্মক ঝুঁকিতে পড়বে। তার মতে, এ ধরনের পরিস্থিতিতে প্রথমে আক্রান্ত হতে পারে ইসরায়েল, এরপর যুক্তরাষ্ট্রও হুমকির মুখে পড়তে পারে।
ট্রাম্প আরও বলেন, ইরান বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে বড় ধরনের সামরিক সক্ষমতা তৈরি করেছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় সে সক্ষমতার বড় অংশই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন <<>> আইআরজিসির বাসিজ ফোর্স কমান্ডারকে হত্যার দাবি
তার ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত সামরিক ও বাণিজ্যিকসহ ৭ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, যার ফলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হার ৯০-৯৫ শতাংশ কমে গেছে।
এছাড়া ইরানের খার্গ দ্বীপের তেল স্থাপনা নিয়ে মন্তব্য করে ট্রাম্প বলেন, পাইপলাইনগুলো ছাড়া বাকি অবকাঠামো ধ্বংস করা হয়েছে এবং প্রয়োজন হলে খুব অল্প সময়েই সেগুলোতেও হামলা চালানো সম্ভব।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































