Apan Desh | আপন দেশ

‘যুক্তরাষ্ট্র-ইসরাইলের চরম মূল্য দিতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৭, ১ মার্চ ২০২৬

আপডেট: ১৩:২৭, ১ মার্চ ২০২৬

‘যুক্তরাষ্ট্র-ইসরাইলের চরম মূল্য দিতে হবে’

মোহাম্মদ বাগহার গালিবাফ।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের চালানো আগ্রাসনের চরম মূল্য দিতে হবে। এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগহার গালিবাফ। তিনি বলেন, তারা ইরানের ‘লাল রেখা’ অতিক্রম করেছে।

রোববার (০১ মার্চ) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে গালিবাফ এ মন্তব্য করেন।

তিনি বলেন, তোমরা আমাদের লাল রেখা অতিক্রম করেছ, এর মূল্য তোমাদের দিতেই হবে। আমরা এমন ধ্বংসাত্মক আঘাত হানব, শেষ পর্যন্ত তোমরাই করুণা ভিক্ষা করতে বাধ্য হবে।

গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতাদের ‘অশুভ অপরাধী’ আখ্যা দিয়ে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর চলমান হামলার জন্য তারা ‘ধ্বংসাত্মক আঘাতের’ মুখোমুখি হবে।

কাতার ও ইসরাইলে নতুন করে দফায় দফায় বিস্ফোরণ
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাতারের দোহায় রোববার (০১ মার্চ) নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারা বলেছেন, শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে। এছাড়া এদিন ইসরাইলের বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজতে শোনা গেছে। নাগরিকদের আসন্ন হামলা নিয়ে সতর্ক করতে এ সংকেত বাজানো হয়। তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা করছে।
 
আগে কখনও হয়নি ইরানে এমন শক্তি প্রয়োগের হুমকি ট্রাম্পের
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর দেশটিকে নতুন করে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে সতর্কতা দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিখেছেন, ইরান এখন বলেছে যে তারা আজ খুব কঠোর জবাব দেবে, আগের চেয়ে কঠোর। তারা এটা না করাই ভালো। কারণ যদি তারা এটি করে, আমরা এমন শক্তি দিয়ে জবাব দেব যা আগে কখনও দেখা যায়নি!
 
কুয়েতে নতুন করে বাজছে হামলার সাইরেন
কুয়েতে এখন পর্যন্ত বিস্ফোরণের কোনো শব্দ পাওয়া না গেলেও আল জাজিরা জানিয়েছে, দেশটিতে হামলার সতর্কতা সাইরেনগুলো সক্রিয় করা হয়েছে, বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা গেছে। দেশটি সাধারণ জনগণকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন এবং সরকারি নির্দেশনা অনুসরণের আহবান জানিয়েছেন।
 
দুবাইয়ে নতুন করে বিস্ফোরণ
 ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান গতকালই সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছিল। দুবাইয়ে আজ আবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দুবাইয়ে কয়েকটি ‘জোরালো’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাৎক্ষণিকভাবে এসব শব্দের উৎস বা কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।

গতকাল দুবাইয়ের জুমেইরাহ সৈকতের পাশে আইকনিক ‘বুর্জ আল আরব’ হোটেলের বাইরের অংশে একটি ইরানি ড্রোন ভূপাতিত হয়। তবে সেখানে কেউ হতাহত হননি। রোববার (০১ মার্চ) ভোরে দুবাইয়ের গণমাধ্যম দফতর জানায়, ইরানের ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ফলে সেটি আর হোটেলে আঘাত হানতে পারেনি। হোটেলের বাইরের আগুন জ্বলতে দেখা গেছে। তবে সেটা ছিল সামান্য।
 
ইরানের হামলায় কাতারে আহত ১৬
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার জবাবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। হামলায় বেশ ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে। রোববার (০১ মার্চ) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এর আগে ৮ জন আহতের খবর জানিয়েছিল দোহা। এছাড়াও বিভিন্ন এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার।
 
খামেনির উত্তরসূরি কে হচ্ছেন?
 যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের এ সংকটপূর্ণ সময়ে প্রশ্ন হলো, খামেনির মৃত্যুতে তার উত্তরসূরি কে হচ্ছেন! বিবিসির খবর, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি, আলিরেজা আরাফি, মেহদি মিরবাগেরি ও হাসান খোমেনি।

মোজতবা খামেনি প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। তবে বংশানুক্রমিক উত্তরাধিকার শিয়া ধর্মীয় কাঠামোতে অপছন্দনীয় এবং তার আনুষ্ঠানিক সরকারি পদ নেই। আরাফি বিশেষজ্ঞ পরিষদের উপ-চেয়ারম্যান এবং গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ছিলেন। প্রশাসনিক দক্ষতার জন্য পরিচিত হলেও নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে তার ঘনিষ্ঠতা সীমিত। কঠোর অবস্থানের জন্য পরিচিত বাগেরি। ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা খোমেনির নাতি হাসান ধর্মীয় বৈধতা রাখলেও ক্ষমতার কেন্দ্রে তার প্রভাব কম।
 
খামেনি হত্যায় যুক্তরাষ্ট্র-ইসরাইলকে যে বার্তা দিলো ইরানের প্রেসিডেন্ট
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যায় জড়িত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (০১ মার্চ) সকালে ইরানের প্রেসিডেন্ট তার অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে খামেনির হত্যাকে ‘গুরুতর অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন ও এর কঠিন প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, এ গুরুতর অপরাধ কখনো অপ্রতিক্রিয়ায় থাকবে না, এটি ইসলামি বিশ্বের ও শিয়াবাদের ইতিহাসে একটি নতুন অধ্যায় খুলবে। এ মহান নেতার বিশুদ্ধ রক্ত একটি উন্মাদ স্রোতের মতো প্রবাহিত হবে। মার্কিন-জায়োনিস্টদের শোষণ ও অপরাধ নির্মূল করবে।
  
বিবৃতিতে আরও বলা হয়েছে, এবারও আমরা আমাদের সব শক্তি ও দৃঢ়তার সঙ্গে, ইসলামি জাতি, বিশ্বের মুক্ত মানুষদের সমর্থন নিয়ে, এ গুরুতর অপরাধের পরিকল্পনাকারী ও দায়ীদের অনুতপ্ত করে তুলব।
 
আলি শামখানি ও পাকপুরের নিহতের খবর নিশ্চিত করল ইরান
 যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় শীর্ষ ইরানি নিরাপত্তা কর্মকর্তা ও দেশটির প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলি শামখানি ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ এ খবর নিশ্চিত করেছে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়