Apan Desh | আপন দেশ

অস্ত্র সমর্পণের আল্টিমেটাম প্রত্যাখ্যান হামাসের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

অস্ত্র সমর্পণের আল্টিমেটাম প্রত্যাখ্যান হামাসের

ছবি: সংগৃহীত

৬০ দিনের মধ্যে অস্ত্র সমর্পণের জন্য ইসরাইলি সরকারের দেয়া আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। বিষয়টি জানিয়েছে আল জাজিরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ইসরাইলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুচস।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–এর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে হামাস অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধ শুরু হতে পারে। 

তিনি বলেন, হামাসকে ৬০ দিনের মধ্যে সব ধরনের অস্ত্র—এমনকি একে-৪৭ রাইফেলও—সমর্পণ করতে হবে। এ সময়সীমা নির্ধারণে মার্কিন প্রশাসনের অনুরোধ ছিল বলেও দাবি করেন তিনি। অন্যথায় ইসরাইলি বাহিনী (আইডিএফ) পুনরায় সামরিক অভিযান শুরু করবে বলে সতর্ক করেন।

তবে হামাস এ দাবি সরাসরি নাকচ করেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সোমবার হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ মারদাবি বলেন, এ ধরনের দাবির বিষয়ে তার কোনো আনুষ্ঠানিক ধারণা নেই। ‘নেতানিয়াহু ও গণমাধ্যমের মাধ্যমে দেয়া এসব বক্তব্য কেবল হুমকি; চলমান আলোচনায় এর কোনো ভিত্তি নেই।’ নতুন করে যুদ্ধ শুরুর যেকোনো হুমকি ‘এ অঞ্চলের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে’ বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে বলেন, ‘ফিলিস্তিনিরা কখনও আত্মসমর্পণ করবে না।’

আরও পড়ুন <<>> যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলায় ইরানের সামরিক মহড়া 

গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায় শুরু হয় গত জানুয়ারির মাঝামাঝি সময়ে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা হামাসের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে। তবে গাজায় ইসরাইলি দখল অব্যাহত থাকলে অস্ত্র ত্যাগে অস্বীকৃতি জানিয়েছে হামাস।

চলতি মাসের শুরুতে গাজার বাইরে অবস্থানরত হামাসের রাজনৈতিক নেতা খালেদ মেশালও ফিলিস্তিনি সংগঠনগুলোর অস্ত্র জমা দেয়ার দাবি প্রত্যাখ্যান করেন। তার ভাষ্য, কোনো দখলকৃত জাতির কাছ থেকে অস্ত্র কেড়ে নিলে তারা সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং সহজেই দমন বা ধ্বংস করা যায়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement