Apan Desh | আপন দেশ

ভারতে ‘কাঠ চোর’ সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ১৯ আগস্ট ২০২৩

ভারতে ‘কাঠ চোর’ সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ভারতের রাজস্থানে অবৈধভাবে বনের গাছ কাটার সন্দেহে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘঠনায় আহত হয়েছে তার দুই সহযোগী। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজস্থানের আলওয়ার জেলার বানসুর তহসিলের রামপুর এলাকায় এই হত্যাকাণ্ড ঘটেছে।

দ্য হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, সেখানে অবৈধভাবে গাছ কাটছে এমন সন্দেহে গত বৃহস্পতিবার রাতে ওয়াসিম (২৭) ও দুই সহযোগীর ওপর হামলা চালায় একদল জনতা। হামলাকারীদের মধ্যে বন বিভাগের কর্মকর্তারাও আছে।

 নীমরানার অতিরিক্ত পুলিশ সুপার জাগ্রাম মীনা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের মধ্যে  দুই থেকে তিনজনকে শুক্রবার গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
 তিনি জানান, নারোল গ্রামে মারামারির খবর পেয়ে, হারসোরা থেকে পুলিশ সেখানে পৌঁছায় এবং রাস্তায় তিনজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাদের মধ্যে একজন গুরুতর ছিল। তবে, পুলিশ আসার আগেই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এরপর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।হতাহতদের আত্মীয়দের খবর দেয়া হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, ওয়াসিম একটি পিক-আপ জিপ চালাচ্ছিলেন।,সঙ্গে তার চাচাতো ভাই আসিফ এবং বন্ধু আজহারউদ্দিন ছিলেন। তারা বেআইনিভাবে গাছ এবং কাঠ কাটার জন্য যাচ্ছিলেন।

এ ঘটনায় রাজ্যের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা অরুণ অভিযোগ করেছেন যে রাজস্থানে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। আলওয়ার অপরাধের রাজধানী হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

আর রাজ্স্থানের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতাপ খাচারিয়াওয়াস বলেছেন, রাজ্য সরকার নির্যাতিতার পরিবারকে সব রকম সাহায্য করবে।পুলিশ যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।

এই ঘটনায় শুক্রবার রাজস্থানের হারোসা থানায় অভিযোগ দায়ের করেছেন ওয়াসিমের বাবা তৈয়ব খান। তিনি পুলিশকে বলেছেন, ওই দিন তার ছেলে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে গাছ কিনেছিল। ঘটনার দিন রাতে পিক-আপ জিপে করে সেগুলো আনার জন্য নারোলে যায় তারা।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়