Apan Desh | আপন দেশ

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৭, ২৮ মার্চ ২০২৬

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: আপন দেশ

ভুয়া ক্লিনিক ও নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার (২৮ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রীর দফতর থেকে এক ভিডিও বার্তায় তিনি এ হুঁশিয়ারি প্রদান করেন।

এদিন দুপুরে মন্ত্রণালয়ে হাজির হন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। টেবিলজুড়ে বেসরকারি মেডিকেলের ফাইল দেখিয়ে তিনি বলেন, ধরা পড়েছে একের পর এক অনিয়ম।

এরপরই এক বিশেষ ভিডিও বার্তায় তিনি বেশ কিছু বেসরকারি মেডিকেল কলেজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। 

আরও পড়ুন<<>>তেলের ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

ড. এম এ মুহিত বলেন, আমি এমন কিছু মেডিকেল কলেজের ফাইল দেখতে পাচ্ছি যারা বিন্দুমাত্র নীতি-নিয়মের তোয়াক্কা করছে না। বছরের পর বছর বলার পরেও তারা একটি শিক্ষা প্রতিষ্ঠানের বদলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো কার্যক্রম চালাচ্ছে। অনেক কলেজের নিজস্ব জমি নেই, এমনকি আমানতের দলিলপত্রও নেই।

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন ছাড়াই চলছে অনেকগুলো প্রতিষ্ঠান।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সেখানে না আছে হাসপাতাল, না আছে রোগী। তাহলে শিক্ষার্থীরা সেখানে ভর্তি হয়ে কীভাবে চিকিৎসক হিসেবে গড়ে উঠবেন? অভিভাবকরা তাদের সারা জীবনের কষ্টার্জিত অর্থ সন্তানদের পেছনে ব্যয় করছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা প্রতারিত হচ্ছেন। প্রশিক্ষণহীন এ চিকিৎসকরা যখন বের হবেন, তখন জনগণের জীবন চরম নিরাপত্তাহীনতায় পড়বে।

প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দেন, প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজকে একটি 'মিনিমাম স্ট্যান্ডার্ড' বজায় রাখতে হবে। পর্যাপ্ত জনবল, হাসপাতাল এবং রোগী না থাকলে কোনও প্রতিষ্ঠান চলতে দেয়া হবে না।

বর্তমান সরকারকে 'অনিয়ম থেকে নিয়মের বাংলাদেশ' গড়ার সরকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভুয়া ক্লিনিক ও নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও আমাদের বন্ধ করতে হবে।

জনগণকে এ অভিযানে সমর্থন জানানোর আহবান জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে আমাদের এ লড়াই চলবে। আপনাদের সমর্থন থাকলে আমরা অবশ্যই বিজয়ী হব এবং মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করব।

আপন দেশ/এসআর

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement