ছবি: সংগৃহীত
কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের তৃতীয় গান ‘পাতার বাঁশরি’। গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের প্রশংসায় ভাসছে। ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
শনিবার (২৫ জুলাই) রাতে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করা হয়।
বুধবার (২৯ জুলাই) পর্যন্ত মাত্র চার দিনেই গানটি ইউটিউবে ৪৩ লাখের বেশি বার দেখা হয়েছে। গানটিতে পড়েছে প্রায় ১ লাখ ১৯ হাজার লাইক এবং প্রায় ৭ হাজার মন্তব্য।
‘পাতার বাঁশরি’ গানটির কথা ও সুর করেছেন ঈশান মজুমদার। গীত রচনায় তার সঙ্গে ছিলেন ইলিয়াস হোসেন। গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন ঈশান মজুমদার ও সুনিধি নায়েক। সংগীতায়োজন করেছেন অদিত রহমান। পুরো সিজনের কিউরেটর ও প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব।
আরও পড়ুন <<>>৫ কারণে বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’
কোক স্টুডিও বাংলার ভাষ্য অনুযায়ী, এটি একটি বিশুদ্ধ প্রেমের গান। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রিয় মানুষের বাঁশির সুরে প্রেমিক-প্রেমিকার আকুলতা। দূরে সরে যেতে চাইলেও শেষ পর্যন্ত ভালোবাসার টানেই ফিরে আসেন তারা। প্রেম ও বিরহের সে অনুভূতি সহজ কথায় ও সুরে তুলে ধরা হয়েছে।
গানটির সুর, কথার গভীরতা এবং ভিডিও নির্মাণের প্রশংসা করছেন দর্শক-শ্রোতারা। অনেকেই একে বাংলা সংগীতের নস্টালজিক সৌন্দর্যের অনন্য উদাহরণ বলে মন্তব্য করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ একে স্বর্ণযুগের বাংলা সিনেমার আবহের সঙ্গে তুলনা করেছেন। আবার কেউ বলেছেন, গানটি শুনলে মনে হয় যেন মধ্যযুগের পানাম নগরের কোনো জমিদারবাড়ির গানের আসরে বসে আছেন।
ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, লোকজ সুর এবং নান্দনিক চিত্রায়ণ দর্শকদের অতীতের এক মুগ্ধকর সময়ের স্মৃতি মনে করিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেছেন অনেক নেটিজেন।
এবার স্টুডিও সেটের পরিবর্তে গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ের পানাম নগরে। এ ভিন্নধর্মী চিত্রায়ণও দর্শকদের নজর কেড়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































