ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় দর্শকপ্রিয় চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস-এর নির্ধারিত প্রদর্শনী স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজকরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার (৩০ মে) বিকাল ৩টায় জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে চলচ্চিত্রটি প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। তবে আয়োজনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধিতা শুরু হলে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
মাদ্রাসার শিক্ষার্থীদের বিরোধিতা, বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি প্রত্যাহার এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে শুক্রবার (২৯ মে) রাতে এ ঘোষণা দেয় আয়োজক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির ফেসবুক পেজে দেয়া এক ঘোষণায় বলা হয়, বিদ্যালয়ের কক্ষ ব্যবহারের অনুমতি নেয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের অসহযোগিতার কারণেও নির্ধারিত প্রদর্শনী আয়োজন সম্ভব হচ্ছে না। তবে ভবিষ্যতে নতুন ভেন্যু নির্ধারণ করে প্রদর্শনীর নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
আরও পড়ুন<<>> রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
এর আগে শুক্রবার রাতে কওমি ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া-এর উদ্যোগে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় আয়োজিত এক সভায় সিনেমা প্রদর্শনী প্রতিহতের ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কওমি ঐক্য পরিষদের উপদেষ্টা ও জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা আলী আযম কাসেমী।
সভা শেষে গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামবিদ্বেষ ও অশ্লীলতা ছড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে শনিবারের সিনেমা প্রদর্শন করতে দেয়া হবে না। পাশাপাশি বাদ জোহর জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া প্রাঙ্গণে শান্তিপূর্ণ সতর্কতামূলক অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন বলেন, সিনেমা প্রদর্শনীর অনুমতির জন্য বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল। কিন্তু আমি অনুমতি দেইনি। শিক্ষাপ্রতিষ্ঠানে সিনেমা প্রদর্শনের অনুমতি দেয়ার প্রশ্নই ওঠে না।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































