Apan Desh | আপন দেশ

‘লাইলি খালা’র গানে মুগ্ধ নেটিজেনরা

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৬, ২৫ মে ২০২৬

‘লাইলি খালা’র গানে মুগ্ধ নেটিজেনরা

ছবি: আপন দেশ

ফরিদপুরের মানুষের কাছে তিনি পরিচিত ‘লাইলি খালা’ নামে। খালি পায়ে শহরের অলিগলি, হাটবাজার আর জনসমাগমে ঘুরে বেড়ানো এ নারী এবার গান গেয়ে মুগ্ধ করলেন সামাজিক যোগাযোগমাধ্যমের দর্শকদেরও।

সম্প্রতি নজরুল জয়ন্তী উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজিত এক অনুষ্ঠানে হঠাৎ মঞ্চে উঠে নজরুলসংগীত পরিবেশন করেন তিনি। জীর্ণ শাড়ি পরা লাইলি খালার কণ্ঠে ‘নয়নভরা জল গো তোমার...’ গানটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি।

অনেকেই লিখেছেন, তার কণ্ঠে রয়েছে অসাধারণ আবেগ ও দরদ। কেউ কেউ মন্তব্য করেছেন, যথাযথ সুযোগ পেলে হয়তো বড় শিল্পী হিসেবেই পরিচিত হতেন লাইলি খালা।

ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন জানান, দীর্ঘদিন ধরেই তিনি লাইলি খালাকে চেনেন। শিল্পকলা একাডেমিতে গানচর্চার সময় প্রায়ই সেখানে বসে থাকতেন তিনি। পরে হারমোনিয়ামও শিখে নেন। নূরজাহান, মেহেদী হাসান কিংবা লতা মঙ্গেশকরের গানও তিনি দারুণভাবে গাইতে পারেন বলে জানান মিলন।

এক ছেলে ও এক মেয়ের মা লাইলি খালা সংসার ছেড়ে অনেক বছর ধরেই ভবঘুরে জীবন বেছে নিয়েছেন। মানুষের ভিড়ে ঘুরে বেড়ানোই যেন তার আনন্দ। পরিচিতদের কাছে তিনি প্রায়ই বলতেন, ‘আমি মানুষ দেখি। দুনিয়াতে কত রকমের মানুষ।’

আরও পড়ুন <<>> মুক্তি পেল বনলতা সেন’র প্রথম গান ‘এখানে কেউ নেই’

ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজ মঞ্জিলে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি নজরুলের দুটি গান পরিবেশন করেন। এরপর তার গানের ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। সংস্কৃতি অঙ্গনের অনেক পরিচিত ব্যক্তিও ভিডিওটি শেয়ার করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ, নাট্যকার ড. অনুপম হায়াৎ, ইতিহাসবিদ বদিউজ্জামান চৌধুরীসহ আরও অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর এম এ সামাদ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়