অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
দেশের অন্যতম দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গেল বছর দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করে সুখের সংসার গড়েছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। সম্প্রতি সময়টা ভাল যাচ্ছে না তার। কিছুদিন আগেই আদালতে যেতে হয়েছিল তাকে। নিতে হয়েছিল জামিনও। এবার মেহজাবীনের অভিযোগ তাকে টার্গেটে পরিনত করতে চাচ্ছেন কেউ কেউ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ অভিনেত্রী লেখেন, কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সে মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।

মেহজাবীন লেখেন, পাশাপাশি আরও উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই (Artificial Intelligence) দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে; যা একেবারেই কাম্য নয়। নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।
আরও পড়ুন<<>>‘লাভের গুড় পিঁপড়ায় খাবে’—মন্ত্রীদের বললেন সোহেল রানা
মেহজাবীন উল্লেখ করেন, আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই, আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন, ধন্যবাদ।
অভিনেত্রীর এই বক্তব্য ঘিরে ভক্ত ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ সাম্প্রতিক অভিযোগগুলোর তদন্তের দাবি জানাচ্ছেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে নানা বিতর্কে জড়িয়ে আলোচনায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মাস তিনেক আগে পারিবারিক ব্যবসায় পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আইনি জটিলতায় পড়েন। তবে পরবর্তীতে আদালত থেকে অব্যাহতি পান অভিনেত্রী।
তবে গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর মদের বোতলসহ আটকা পড়েন মেহজাবীন ও তার স্বামী। যদিও বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এসব অভিযোগের ভিত্তিতেই সরাসরি নিজের মানহানির দাবি করলেন অভিনেত্রী।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































