ছবি: আপন দেশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ কেমিকেল সোসাইটি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের যৌথ আয়োজনে ১৬তম রসায়ন অলিম্পিয়াড হয়েছে। এতে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন কলেজের বিজ্ঞান বিভাগের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কুমিল্লা অঞ্চলের এ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি ও রসায়ন অলিম্পিয়াড ২০২৭ এর কুমিল্লা অঞ্চলের আহবায়ক ড. এ কে এম রায়হান উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন।
প্রতিযোগিতায় অংশ নেয়া ৭০০ শিক্ষার্থীদের মধ্যে ২০জনকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তাসফিয়া সুলতানা তানহা। দ্বিতীয় হয়েছেন সোনার বাংলা কলেজের মুনতাসির ভূঁইয়া এবং তৃতীয় হয়েছেন কুমিল্লা সরকারি কলেজের শাহেনুর আক্তার নূর।
আরও পড়ুন<<>>এইচএসসির বিদেশ কেন্দ্রে পাসের হার ৯০.৮৭ শতাংশ
অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকারী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তাসফিয়া সুলতানা তানহা বলেন, রসায়ন এমন একটা বিষয় যা প্রতিটি বিষয়ে উপলব্ধি করা যায়। রসায়নের প্রতি ভালো লাগা থেকেই এ ধরনের অলিম্পিয়াডে অংশগ্রহণ করা হয়।
রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, এখানে উপস্থিত সবাই রসায়নের প্রতি আগ্রহী। তোমার আশেপাশের সবকিছুর সঙ্গেই রসায়ন জড়িত। আজকের এ অলিম্পিয়াড শুধুমাত্র জয়ী ২০ জনের মধ্যেই সীমাাবদ্ধ না, সারাদেশে রসায়নের ব্যাপ্তী ছড়িয়ে দেয়াই উদ্দেশ্য।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীকে অবশ্যই সময়ের প্রতি যত্নশীল হতে হবে। সবচেয়ে কম পড়াশোনা করে ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা। কম পড়াশোনা করলেও তারা যথাযথ ডিসিপ্লিন মেনে চলে। যার কারণে তারা একটু আলাদা। পড়াশোনার পূর্ব শর্তই ডিসিপ্লিন মেনে চলা।
উল্লেখ্য, কুমিল্লা অঞ্চলে জয়ী ১০জন শিক্ষার্থী ঢাকায় জাতীয় রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন। ঢাকায় জয়ী ৫জন তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































