Apan Desh | আপন দেশ

আদমদীঘিতে এইচএসসির ফল বিপর্যয়

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৩, ৩১ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে এইচএসসির ফল বিপর্যয়

ফাইল ছবি, আপন দেশ

আদমদীঘিতে এসএসসির মতই এইচএসসির রেজাল্টেও নেমেছে ধ্বস। এ বছরে সারা দেশে পাশের হার ৫২.১২ শতাংশ। এরমধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে গড়ে পাশের হার ৫২.০৬ শতাংশ।

রাজশাহীর বোর্ডের সামগ্রিক ফলাফল ধ্বসের প্রভাব বগুড়ার আদমদীঘি উপজেলার কলেজগুলোতেও পড়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩৯ টি কলেজের কোন শিক্ষার্থীই পাস করতে পারেনি।

জানা গেছে, এ উপজেলায় সাধারণ ও ডিগ্রি কলেজ রয়েছে ৮টি। মাদ্রাসা ৩ টি এবং কারিগরি ও বিএম কলেজ ৩টি। মোট আট কলেজের এক হাজার ৪৯৯ জন শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে পাশ করেছে ৪১৩ জন। ফেল করেছে ১০৮৬ জন। পাশের হার ২৭.৫৫ শতাংশ।

এরমধ্যে ৬ জন শিক্ষার্থী পেয়েছে এ প্লাস। সান্তাহার সরকারী কলেজ থেকে ৪ জন এবং সান্তাহার মহিলা কলেজ ও নশরতপুর ডিগ্রি কলেজ থেকে একজন করে এ প্লাস পেয়েছে। 

আরও পড়ুন<<>>কোন ভবিষ্যতে বাংলাদেশের জেন-জি?

চলতি বছরে সর্বোচ্চ সান্তাহার সরকারী কলেজ থেকে ৮৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ২৬৬ জন। ফেল করে ৬২৮ জন। ২৯.৭৫ শতাংশ পাশের হার। আর এ প্লাস পেয়েছে ৪ শিক্ষার্থী।

দ্বিতীয় সর্বোচ্চ আদমদীঘি রহিম উদ্দীন কলেজ থেকে ২১২ জন অংশ নিয়ে পাশ করে মাত্র ২৫ জন। এ কলেজে ১১.৭৯ শতাংশ পাশের হার দেখানো হয়েছে।

এদিকে, বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজ থেকে ৭৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করে মাত্র ৬ জন শিক্ষার্থী। পাশের হার ৮.২২ শতাংশ।

তিন মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ছিল ৫০। এরমধ্যে পাস করে ২৪ জন। অর্ধেক ফেল। আর ধনতলা আলিম মাদ্রাসা থেকে সাত শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ১ জন।

এইচএসসি ও সমমানের ফলাফলে এমন ধ্বস দেখে শংকিত অভিভাবকরা। প্রশ্ন তুলছেন, কীভাবে আর কি পড়ানো হচ্ছে কলেজে। পাসের হার অর্ধেক নেমে এসেছে মানে শিক্ষাব্যবস্থার অর্ধেক ভেঙে পড়েছে। এর দায় শুধু কি শিক্ষার্থীদের। শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনা দরকার বলে মনে করেন সচেতন মহল।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়